পূর্ব আফ্রিকার দেশ জিবুতির উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ১০৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৫টি শিশু রয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন আরো ১১৬ জন।
রোববার জাতিসংঘের অভিবাসন সংস্থা আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এ তথ্য জানিয়েছে। সংস্থাটির তথ্যমতে, বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যবর্তী রাতে এ দুর্ঘটনা ঘটে।
আইওএমের বিবৃতিতে বলা হয়, বেঁচে যাওয়া ব্যক্তিদের বর্ণনা অনুযায়ী, জিবুতির পূর্ব উপকূলের গুহের এলাকার কাছে নৌকাটি উল্টে যায়। দুর্ঘটনাস্থলটি এডেন উপসাগর ও বাব এল-মান্দেব প্রণালির কাছাকাছি অবস্থিত।
নৌকাটিতে প্রায় ৩০০ জন যাত্রী ছিলেন। তারা জিবুতি থেকে ইয়েমেনের উদ্দেশে যাত্রা করেছিলেন। দুর্ঘটনার পর ৮০ জন প্রাণে বেঁচে যান। উদ্ধার পাওয়া ব্যক্তিরা সবাই ইথিওপিয়ার নাগরিক বলে জানিয়েছে সংস্থাটি।
আফ্রিকা থেকে মধ্যপ্রাচ্যে যাওয়ার অন্যতম বিপজ্জনক পথ হিসেবে পরিচিত এডেন উপসাগর ও বাব এল-মান্দেব প্রণালি। উন্নত জীবনের আশায় এবং কাজের সন্ধানে বহু আফ্রিকান অভিবাসনপ্রত্যাশী গাদাগাদি করে ছোট নৌকায় এ পথ পাড়ি দেওয়ার চেষ্টা করেন। এ যাত্রায় প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।
এদিকে ইয়েমেনে হুথি বিদ্রোহী ও দেশটির সরকারি বাহিনীর মধ্যে সংঘাত শুরু হওয়ার পর দেশটি থেকে বহু মানুষ পালিয়ে জিবুতিতে আশ্রয় নিয়েছেন। একই সঙ্গে আফ্রিকা থেকে ইয়েমেনমুখী অভিবাসনপ্রত্যাশীদের যাত্রাও অব্যাহত রয়েছে। ঝুঁকিপূর্ণ এই নৌপথে সাম্প্রতিক দুর্ঘটনা আবারো অভিবাসনপ্রত্যাশীদের বিপজ্জনক যাত্রার ভয়াবহ চিত্র সামনে এনেছে।
সূত্র: আল জাজিরা
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


