ইয়েমেনের হুথি সশস্ত্র গোষ্ঠীর সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরবের পাশে থাকার ঘোষণা সিরিয়া।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে হুথিদের হামলার ‘কঠোরতম ভাষায়’ নিন্দা জানায়। বিবৃতিতে বলা হয়, ইরানের সমর্থনপুষ্ট এই সশস্ত্র গোষ্ঠীর কর্মকাণ্ড আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে।
বিবৃতিতে বলা হয়, ‘বেসামরিক স্থাপনা ও অবকাঠামো লক্ষ্যবস্তু করা এবং বেসামরিক মানুষের জীবন ঝুঁকিতে ফেলা আন্তর্জাতিক আইন ও সংশ্লিষ্ট বিধিবিধান ও সনদের সুস্পষ্ট লঙ্ঘন। এটি সৌদি আরবের নিরাপত্তা এবং সামগ্রিকভাবে এ অঞ্চলের জন্য সরাসরি হুমকি।’
মঙ্গলবার ও বুধবার হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের আবহা ও কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে তিনজন নিহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন নারী। হামলায় আরো কয়েকজন আহত হয়েছেন।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘সিরিয়া সৌদি আরবের প্রতি পূর্ণ সংহতি পুনর্ব্যক্ত করছে। দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা এবং সৌদি আরবের ভূখণ্ডে বসবাসকারী নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে দেশটি যেসব বৈধ পদক্ষেপ নেবে, সিরিয়া তার পাশে থাকবে।’
এদিকে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা চলতি সপ্তাহে রিয়াদে সৌদি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। তাদের মধ্যে ছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস)।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের গণমাধ্যম বিভাগ এক্সে জানিয়েছে, বুধবারের আলোচনায় পুনর্গঠন, জ্বালানি, কৃষি ও বাণিজ্যে বাস্তবভিত্তিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

