শিক্ষার ব্যয় বৃদ্ধি ও শিক্ষা ব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে বেলজিয়ামের লিয়েজ শহর। বিক্ষোভে অংশ নেওয়া শতাধিক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ও বুধবারের বিক্ষোভের কয়েকটি স্থানে সহিংসতা, সম্পত্তি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। প্রতিবেশী ফ্রান্সেও একই ধরনের শিক্ষার্থী বিক্ষোভ চলছে।
বেলগা সংবাদ সংস্থা লিয়েজ পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, বিক্ষোভ থেকে ৮০ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ২৭ জনকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের ভাষ্য, কয়েকজন বিক্ষোভকারী সম্পত্তির ক্ষতি করেছেন এবং আগুন দিয়েছেন।
বেলজিয়ামের ফরাসিভাষী শিক্ষা ব্যবস্থায় শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থী এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও সুযোগ-সুবিধার সংকটের প্রতিবাদে শিক্ষার্থীরা রাস্তায় নামেন। তাদের অভিযোগ, এসব সমস্যার সমাধানে অগ্রগতি না হওয়ায় প্রতিবাদে নামা ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না।
শিক্ষক হওয়ার পড়াশোনা করা ১৯ বছর বয়সি শিক্ষার্থী অ্যামেলিয়া দি সালভে রয়টার্সকে বলেন, ‘বিক্ষোভ ছাড়া কোনো পরিবর্তন হচ্ছে না দেখে আমরা প্রতিবাদ শুরু করার সিদ্ধান্ত নিয়েছি।’ ফ্রান্সের বিক্ষোভ তাদের কিছুটা প্রভাবিত করেছে বলেও জানান তিনি।
আরেক ১৯ বছর বয়সি শিক্ষার্থী আলফ্রেড বলেন, ‘আমরা একে অন্যকে সমর্থন করছি। কারণ, আমরা প্রায় একই সমস্যার মুখোমুখি।’
শান্তিপূর্ণ সমাধানের আহ্বান
উত্তেজনা কমাতে এবং নতুন করে অস্থিরতা ঠেকাতে কর্তৃপক্ষ সংলাপের চেষ্টা করছে। লিয়েজের মেয়র উইলি দেমেয়ার বেলজিয়ামের সম্প্রচারমাধ্যম আরটিবিএফকে বলেন, ‘সংলাপ হতে পারে।’ তরুণেরা যেন শান্তিপূর্ণভাবে তাদের অভিযোগ তুলে ধরতে পারেন এবং তাদের উদ্বেগের বিষয়গুলো শোনা হয়, সে আশাও প্রকাশ করেন তিনি।
বেলজিয়ামে শিক্ষা ব্যবস্থা দেশটির ভাষাভিত্তিক সম্প্রদায়গুলোর অধীনে পরিচালিত হয়। তাই পুরো দেশের জন্য একক কোনো জাতীয় শিক্ষাক্রম নেই। ডাচভাষী ফ্ল্যান্ডার্স অঞ্চলে ফ্লেমিশ জনগোষ্ঠী শিক্ষা ব্যবস্থা পরিচালনা করে। আর ফরাসিভাষী ওয়ালোনিয়া নিজেদের শিক্ষাক্রম পরিচালনা করে। দ্বিভাষিক রাজধানী ব্রাসেলসে অভিভাবকেরা সন্তানকে কোথায় ভর্তি করবেন, সে সিদ্ধান্ত নিতে পারেন।
লিয়েজের সাম্প্রতিক বিক্ষোভের আগে গ্রীষ্মকালেও ব্রাসেলসে বিচ্ছিন্নভাবে সহিংস বিক্ষোভ হয়েছিল। ফরাসিভাষী অঞ্চলের শিক্ষার্থীদের টিউশন ফি ৮৩৫ ইউরো থেকে বাড়িয়ে ১ হাজার ১৯৪ ইউরো করার প্রতিবাদে এসব বিক্ষোভ হয়। এই বৃদ্ধি প্রায় ৯৩০ মার্কিন ডলার থেকে ১ হাজার ৩৪০ মার্কিন ডলারে উন্নীত হওয়ার সমান।
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও জ্বালানির দাম বাড়ায় বেলজিয়ামের শিক্ষা বাজেটও চাপের মুখে পড়েছে। একই ধরনের চাপ ফ্রান্সেও শিক্ষার্থীদের বিক্ষোভকে আরো জোরালো করছে।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

