আমেরিকা ও ইসরাইলের সামরিক সম্পদের তথ্য দিতে মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং ওই অঞ্চলের মুসলিমদের আহ্বান জানিয়েছে ইরান। যুদ্ধে আরো সঠিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি এ আহ্বান জানান। বুধবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ডেফা প্রেস তার এ বক্তব্য প্রকাশ করে।
শেকারচি এ অঞ্চলের মুসলিমদের আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের আমেরিকা ও ইসরাইলের গোপন ঘাঁটিগুলো এবং সম্পদের তথ্য দিন, যা আমাদের আরো সঠিক লক্ষ্যবস্তুতে হামলা করতে সাহায্য করবে। ফলে সাধারণ মানুষ কম হতাহত হবে।
এ সময় তিনি জোর দিয়ে বলেন, আমেরিকা ও ইসরাইল এ অঞ্চলের মানুষকে নিজেদের রক্ষাকবচ হিসেবে ব্যবহার করছে। তথ্য পাওয়ার মধ্য দিয়ে এ অঞ্চলের মানুষ আমাদের সশস্ত্র বাহিনীর আঘাত থেকে নিরাপদ থাকবে এবং তাদের আমেরিকা ও ইসরাইলের হাত থেকেও মুক্ত করতে পারব। জনগণকে আমেরিকার জন্য ঢাল না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ধরনের সহযোগিতা এ অঞ্চলের নিরাপত্তা বাড়াবে।
তিনি বলেন, ‘আমরা এ অঞ্চলের মুসলিম জনগণকে আক্রমণকারী আমেরিকান সেনাবাহিনীর ঢাল না হতে অনুরোধ করছি। ফলে আল্লাহর ইচ্ছায় আমরা আরো কার্যকর, দৃঢ়ভাবে ও দ্রুততার সঙ্গে আমেরিকানদের এ অঞ্চল থেকে বিতাড়িত করতে পারব।’ এ সময় তিনি আমেরিকা ও ইসরাইলকে বেসামরিক নাগরিকদের ওপর ইচ্ছাকৃতভাবে হামলা চালানোর অভিযোগে অভিযুক্ত করেন।
ইরানের এই নেতা বলেন, আমাদের সশস্ত্র বাহিনীর মুখোমুখি হতে অক্ষম আমেরিকান ও ইহুদিবাদী সেনাবাহিনী প্রতিদিন তেহরানের হামলায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। ফলে হতাশা থেকে তারা সাধারণ মানুষের রক্ত ঝরাচ্ছে। বিশেষ করে আমাদের নারী, নিষ্পাপ শিশু ও পুরুষদের ওপর হামলা চালাচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

