যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে জ্বালানির বাজারে এক নজিরবিহীন ও অভাবনীয় পরিস্থিতি তৈরি হয়েছে। অঙ্গরাজ্যটির কিছু কিছু পেট্রল পাম্পে ডিজেলের দাম প্রতি গ্যালনে ৯.৯৯৯ ডলারে—অর্থাৎ কার্যত ১০ ডলারে গিয়ে ঠেকেছে। এমনকি পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, অনেক পাম্পের ডিজিটাল ডিসপ্লেতে এর চেয়ে বেশি দাম দেখানোর টেকনিক্যাল ক্ষমতাই নেই; মিটারগুলো ৯.৯৯৯ ডলারে এসেই আটকে গেছে।
জ্বালানি তেলের দাম পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ‘গ্যাসবাডি’র তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ইতিহাসে ডিজেলের দাম এখন সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছে। সারা দেশে ডিজেলের গড় দাম প্রথমবারের মতো প্রতি গ্যালনে ৬ ডলারের গণ্ডি ছাড়িয়ে গেছে। আর ক্যালিফোর্নিয়ার পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ, যেখানে পুরো অঙ্গরাজ্যে ডিজেলের গড় দাম এখন প্রতি গ্যালনে ৭.৯১ ডলার।
গ্যাসবাডি জানিয়েছে, সান দিয়েগোর উপকণ্ঠে অবস্থিত ‘সেরা মেসা’ এলাকার কয়েকটি পাম্পে ৯.৯৯৯ ডলার বা ১০ ডলার দাম উঠতে দেখা গেছে। অন্যান্য এলাকা থেকেও একই ধরনের তথ্য যাচাই করে দেখছেন বিশেষজ্ঞরা।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি সংকটের মারাত্মক প্রভাব পড়েছে মার্কিন বাজারে। ইরানের বিরুদ্ধে মার্কিন প্রশাসনের ভূরাজনৈতিক উত্তেজনা এবং মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়ায় জ্বালানি সরবরাহ শৃঙ্খলে তৈরি হওয়া তীব্র সংকটের কারণেই বিশ্ববাজারে তেলের ওপর এই অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে, যার সরাসরি শিকার হচ্ছেন সাধারণ মার্কিন নাগরিকেরা।
বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই রেকর্ড দামের জেরে শুধু পরিবহন খরচই বাড়বে না, বরং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামেও এর নেতিবাচক প্রভাব পড়বে, যা সামগ্রিক মার্কিন অর্থনীতিতে নতুন সংকটের জন্ম দিতে পারে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


