উড়িষ্যার দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় আকভান, নিরাপদ আশ্রয়ে ৫০ হাজার মানুষ

উড়িষ্যার দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় আকভান, নিরাপদ আশ্রয়ে ৫০ হাজার মানুষ
ছবি: আনন্দবাজার অনলাইন

স্থলভাগে আঘাত হানার আগেই ঘূর্ণিঝড় আকভানের শক্তি কমতে শুরু করেছে । অতি প্রবল ঘূর্ণিঝড় থেকে শক্তি কমে এখন প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে আকভান। তবে ঘূর্ণিঝড় দুর্বল হলেও দুর্যোগের আশঙ্কা এখন কাটছে না। শুক্রবার দুপুরের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূলের মাঝে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি।

উপকূলবর্তী এলাকা থেকে ইতোমধ্যেই প্রায় ৫০ হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের গতিপথ পরিবর্তনের জেরে বিপদের আশঙ্কা বাড়ছে পশ্চিমবঙ্গেও। এই রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। সেইসঙ্গে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।

বিজ্ঞাপন

ভারতের আবহাওয়া দপ্তরের বৃহস্পতিবার সকালের বুলেটিন অনুযায়ী, ঘূর্ণিঝড়টি পুরী থেকে প্রায় ৫৯০ কিলোমিটার এবং গোপালপুর থেকে ৫৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। অন্ধ্রপ্রদেশের নরসাপুর থেকে এর দূরত্ব প্রায় ৪৪০ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে। ঘণ্টায় প্রায় ১২ কিলোমিটার গতিতে উত্তর দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড়টি। পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দুপুরে পুরী ও নরসাপুরের মধ্যবর্তী কোনো এলাকায় আছড়ে পড়তে পারে ঝড়। ল্যান্ডফলের সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার থাকতে পারে। সর্বোচ্চ ১১০ কিলোমিটার বেগেও ঝোড়ো হাওয়া বইতে পারে।

পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া এবং হুগলি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কয়েকটি এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। সমতলের জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার এবং উপকূলবর্তী এলাকায় সর্বোচ্চ ৪৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

কলকাতা ও সংলগ্ন এলাকাতেও বৃহস্পতিবার সকাল থেকেই মেঘলা আকাশের সঙ্গে শুরু হয়েছে হালকা বৃষ্টি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, শনিবার পর্যন্ত শহরের আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে।

সূত্র: আনন্দবাজার অনলাইন

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...