ইরান যুদ্ধ বন্ধ, ইসরাইলকে সহায়তা কাটছাঁট ও এপস্টিনের নথি প্রকাশের প্রস্তাব খান্নার

ইরান যুদ্ধ বন্ধ, ইসরাইলকে সহায়তা কাটছাঁট ও এপস্টিনের নথি প্রকাশের প্রস্তাব খান্নার
ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য রো খন্না। ছবি: ইপিএ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের কারণ হিসেবে ইরান যুদ্ধ ও দুর্নীতিকে দায়ী করেছেন ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য রো খান্না। এ বিষয়ে ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে তিনি ইরান যুদ্ধ বন্ধ, ইসরাইলকে সব ধরনের মার্কিন সহায়তা বন্ধ এবং জেফরি এপস্টিন–সংক্রান্ত নথি প্রকাশের প্রস্তাব দিয়েছেন।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভ্যান্সের একটি পোস্টের জবাবে খন্না এসব প্রস্তাব তুলে ধরেন। তিনি বলেন, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পেছনে ইরান যুদ্ধের পাশাপাশি এপস্টিনের ঘটনা ধামাচাপা দেওয়ার মধ্য দিয়ে প্রকাশ পাওয়া দুর্নীতিও দায়ী।

খান্না ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানান, একটি অন্তর্বর্তী অর্থায়ন প্রস্তাবের মাধ্যমে ইরানে মার্কিন সামরিক বাহিনীর যেকোনো ধরনের যুদ্ধ কার্যক্রমে অর্থায়ন বন্ধ করতে হবে। ভিয়েতনাম যুদ্ধের অবসান যেভাবে ঘটানো হয়েছিল, একইভাবে ইরান যুদ্ধও বন্ধ করার প্রস্তাব দেন তিনি।

এ ছাড়া অন্তর্বর্তী অর্থায়ন প্রস্তাবে ইসরাইলকে সব ধরনের সহায়তা বন্ধের বিষয়টি অন্তর্ভুক্ত করার আহ্বান জানান খন্না।

এপস্টিনের সঙ্গে সংশ্লিষ্ট নথি প্রকাশের বিষয়েও প্রস্তাব দেন এই ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য। তিনি ‘এপস্টিন ২.০ অ্যাক্ট’ সমর্থনের আহ্বান জানান। তার প্রস্তাব অনুযায়ী, এই আইনের মাধ্যমে অঙ্গরাজ্যগুলোর অ্যাটর্নি জেনারেলরা যৌন নির্যাতন ও মানব পাচারের শিকার হওয়া অল্পবয়সি মেয়েদের ওপর নির্যাতন চালানো ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করতে পারবেন।

তিনটি প্রস্তাব তুলে ধরে ভ্যান্সের উদ্দেশে খন্না প্রশ্ন করেন, তিনি কি এখন সত্যিই এসবের কোনোটি বাস্তবায়নে পদক্ষেপ নেবেন?

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন