পাকিস্তানে বন্যায় এখনো নিখোঁজ ১৫০

পাকিস্তানে বন্যায় এখনো নিখোঁজ ১৫০

পাকিস্তানে প্রবল বৃষ্টি থেকে সৃষ্ট আকস্মিক বন্যায় এখনো ১৫০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার অভিযান। রোববার খাইবার পাখতুনখোয়ার প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ একথা জানিয়েছে।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ফ্রান্স২৪ জানায়, পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে আকস্মিক বন্যায় কমপক্ষে ৩৪৪ জন প্রাণ হারিয়েছেন। এখনো নিখোঁজ অন্তত ১৫০ জন। ভারী বৃষ্টি এবং হাঁটু পর্যন্ত কাদার মধ্যে জীবিতদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন হাজার হাজার উদ্ধারকারী।

বিজ্ঞাপন

খাইবার পাখতুনখোয়ার প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রধান আসফান্দিয়ার খাত্তাক এএফপিকে বলেন, ‘বুনের এলাকায় নিখোঁজ ১৫০ জন তাদের বাড়ির ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারেন অথবা বন্যার পানিতে ভেসে যেতে পারেন।’

তিনি জানান, এছাড়া শাংলা জেলাতেও অনেকে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। অব্যাহত ভারী বর্ষণ উদ্ধার অভিযানকে কঠিন করে তুলেছে বলে জানান খাত্তাক।

খাত্তাক আরো জানান, আকস্মিক বন্যায় বিদ্যুতের লাইন এবং মোবাইল টাওয়ার ক্ষতিগ্রস্ত হওয়ায় বুনের এলাকায় বিদ্যুৎ বা মোবাইল সিগন্যাল নেই।

বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খাইবার পাখতুনখোয়ার বুনের জেলা। সেখানে কমপক্ষে ২০৮ জন নিহত হয়েছে।

উদ্ধারকারী দলের মুখপাত্র বিলাল আহমেদ ফাইজি জানান, অন্তত দুই হাজার উদ্ধারকর্মী ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ উদ্ধার এবং নয়টি জেলায় ত্রাণ কার্যক্রম পরিচালনায় নিয়োজিত রয়েছেন। তবে বৃষ্টিপাত অব্যাহত থাকায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

প্রাদেশিক সরকার বুনের, বাজাউর, সোয়াত, শাংলা, মানসেহরা এবং বটগ্রামের পাহাড়ি জেলাগুলিকে দুর্যোগ কবলিত এলাকা হিসেবে ঘোষণা করেছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন