মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় ইসরাইল এবং হামাসের মধ্যে এক সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতিতে পৌঁছানো সম্ভব। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। খবর আলি জাজিরার।
ট্রাম্প জানান, যুদ্ধবিরতি প্রক্রিয়ার সঙ্গে জড়িত কয়েকজন ব্যক্তির সাথে কথা বলার পর তিনি যুদ্ধবিরতির বিষয়ে আশাবাদী হয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমি মনে করি ইসরাইল-হামাস যুদ্ধবিরতি খুব কাছাকাছি।’
তিনি আরো বলেন, ‘আমরা মনে করি, আগামী সপ্তাহের মধ্যে আমরা একটি যুদ্ধবিরতিতে পৌঁছাতে যাচ্ছি।’
তবে তিনি কাদের সাথে যোগাযোগ করেছিলেন সে সসম্পর্কে কিছুই প্রকাশ করেননি।
জর্ডানের আম্মান থেকে আল জাজিরার প্রতিবেদক নূর ওদেহ বলেছেন, ট্রাম্পের মন্তব্য চলমান ইসরাইলি হামলায় বিপর্যস্ত গাজার অধিবাসীদের জন্য সুসংবাদ। তবে তিনি সতর্ক করে দেন যে, ‘এই মুহূর্তে এই অঞ্চলের কোথাও কোনো আলোচনা হচ্ছে না।’

তিনি বলেন, ‘আমরা যা জানি তা হলো ইসরাইল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির পর যুদ্ধবিরতির আলোচনা দ্রুত বৃদ্ধি পেয়েছে। তবে ইসরাইল যুদ্ধ শেষ করার বিষয়ে কথা বলতে চায় না।
অন্যদিকে, হামাস দাবি করছে, ইসরাইলকে সামরিক আগ্রাসন বন্ধ করতে হবে এবং মার্চ মাসে সবশেষ যুদ্ধবিরতি ভঙ্গের পর গাজার দখলকৃত এলাকাগুলো থেকে ইসরাইলি সেনাবাহিনীকে সরে যেতে হবে।
নূর ওদেহ আরো বলেন, ‘হামাস মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে থেকে নিশ্চয়তা চায় যে আলোচনা অব্যাহত থাকবে এবং আলোচনার জন্য আরো সময় প্রয়োজন হলে ইসরাইল যেন যুদ্ধবিরতি ভঙ্গ না করে।’
গাজায় ইসরাইলি বাহিনী যখন হত্যাকাণ্ড বাড়িয়ে দিয়েছে, তখন ট্রাম্পের যুদ্ধবিরতির ভবিষ্যদ্বাণী এলো।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

