আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার ভারতের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। শনিবার ওয়াশিংটনে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্স-সিপিএসির এক অনুষ্ঠানে এ হুমকি দেন তিনি।
অনুষ্ঠানে ট্রাম্প স্পষ্টভাবে বলেন, ‘কেউ যদি আমাদের ওপর শুল্ক চাপায়, আমরাও তার ওপর সমানভাবে শুল্ক চাপাবো।’
ভারত আমেরিকার পণ্যে উচ্চ শুল্ক আরোপ করে আসছে অভিযোগ করে তিনি বলেন, ‘তারা আমাদের ওপর প্রচণ্ড সুবিধা নেয়। বিশ্বের উচ্চ শুল্ক আরোপকারী দেশগুলোর মধ্যে অন্যতম এটি। আমরা কিছু বিক্রি করতে চেষ্টা করলে তারা এর ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করে। আর আমরা নির্বাচনের জন্য বিপুল অর্থ তাদের দিচ্ছি।’
শনিবারের অনুষ্ঠানে আমেরিকা থেকে ভারতকে নির্বাচনের সহায়তার জন্য অর্থ বরাদ্দের বিষয়ে আবার অভিযোগ তোলেন ট্রাম্প। তিনি বলেন, এক কোটি আট লাখ ডলার নির্বাচনের জন্য সহায়তা হিসেবে ভারতকে দেওয়া হয়েছে। নির্বাচনের জন্য ভারতকে অর্থ দেওয়া হয়েছে। কিন্তু তাদের অর্থের কোনো প্রয়োজন নেই। তারা এমনিতেই আমেরিকান পণ্যে উচ্চ শুল্ক বসিয়ে অর্থ সংগ্রহ করছে।
তবে ট্রাম্পের নতুন দাবি করা এক কোটি আট লাখ ডলার সহায়তার কোনো তথ্য নিশ্চিত করা যায়নি। এর আগে গত সপ্তাহে ইলন মাস্ককে দায়িত্ব দিয়ে ট্রাম্পের প্রতিষ্ঠা করা দপ্তর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি- ডিওজিই এক প্রতিবেদনে জানায়, ভারতে নির্বাচনে সহায়তার জন্য দুই কোটি ১০ লাখ ডলার বরাদ্দ হয়েছিল। প্রতিবেদনে এই বরাদ্দ বাতিলের ঘোষণা দেওয়া হয়।
এর আগেও ভারতের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমেরিকায় সফরের সময় বৈঠকেও এ নিয়ে কথা হয়েছিল। গত মঙ্গলবার সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের আরো উন্নতি চায় আমেরিকা কিন্তু তা শুল্ক ছাড়ের বিনিময়ে নয়। হোয়াইট হাউসে মোদির সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি বলেন, ‘তিনি এখানে এসেছিলেন। আমি বলেছি, আপনি শুল্ক ধার্য করুন বা না-করুন, আমি করবই।’
শুক্রবার আমেরিকার বাণিজ্যমন্ত্রী হিসেবে হাওয়ার্ড লুটনিকের শপথ অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘আমরা শিগগির পাল্টা শুল্ক আরোপ শুরু করব। এর অর্থ যারাই আমাদের ওপর শুল্ক ধার্য করবে, আমরা তাদের ওপর শুল্ক ধার্য করব। খুবই সহজ কথা। কোনো কোম্পানি বা দেশ, ধরা যাক ভারত বা চীন বা অন্য কেউ, যদি আমাদের ওপর কর আরোপ করে, আমরাও করব।’
ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা কখনো তা করিনি। তবে আমরা তা করার প্রস্তুতি নিচ্ছি।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

