ইরানে অ্যাম্বুলেন্সে ইসরাইলের ড্রোন হামলায় নিহত ৩

ইরানে অ্যাম্বুলেন্সে ইসরাইলের ড্রোন হামলায় নিহত ৩

ইরানে ইসরাইলের সবশেষ হামলায় দেশটির মধ্যাঞ্চলে তিনজন নিহত হয়েছে। সোমবার টাইমস অব ইসরাইল এক প্রতিবেদনে জানায়, ইরানের মধ্যাঞ্চলে ইসরাইলের ড্রোন হামলার শিকার হয় একটি অ্যাম্বুলেন্স। হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছে।

নাজাফাবাদ কাউন্টির গভর্নর হামিদরেজা মোহাম্মদি ফেসহারাকির বরাত দিয়ে সংবাদ সংস্থা ইসনা জানায়, অ্যাম্বুলেন্সে একজন রোগীকে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নেওয়া হচ্ছিল। এসময় ইসরাইলি ড্রোন হামলায় অ্যাম্বুলেন্সে থাকা তিনজন মারা যায়।

বিজ্ঞাপন

ফেসহারাকি আরও বলেন, অ্যাম্বুলেন্সে থাকা চালক, রোগী ও রোগীর সঙ্গে থাকা স্বজন নিহত হয়েছেন। হামলার পর অ্যাম্বুলেন্সটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়।

এদিকে, হামলার অপরাধে ইসরাইলকে কঠোর শাস্তি দেওয়া অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ইরানে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্রের যোগদানের পর সামাজিক মাধ্যম এক্সে দেওয়া তার প্রথম বিবৃতিতে খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তেলআবিবের বিরুদ্ধে ‘শাস্তি অব্যাহত থাকবে।’ খবর আল জাজিরার।

খামেনি বলেন, ‘ইহুদি শত্রু একটি বড় ভুল করেছে, একটি বড় অপরাধ করেছে। এজন্য তাকে শাস্তি পেতে হবে এবং তাকে শাস্তি দেওয়া হচ্ছে।’

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন