শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করল জামায়াত

শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করল জামায়াত

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের অনুরোধে ইসলামাবাদ অভিমুখে লংমার্চের পরবর্তী কর্মসূচি স্থগিত করেছে জামায়াতে ইসলামী (জিআই)। প্রধানমন্ত্রী দেশে ফেরার পর তার সঙ্গে বৈঠকের আগ পর্যন্ত দলের নেতাকর্মী ও বহর মুলতানেই অবস্থান করবে বলে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন দলটির আমির হাফেজ নাঈমুর রহমান।

মঙ্গলবার মুলতানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়ে হাফেজ নাঈম জানান, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ টেলিফোনে তাকে লংমার্চ স্থগিত করার অনুরোধ জানানোর পাশাপাশি জামায়াত নেতৃত্বকে আলোচনার আমন্ত্রণ জানিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা অবশ্যই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করব। তবে প্রধানমন্ত্রী পাকিস্তান ফিরে আসার পরই কেবল আলোচনা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে মুলতানে আমাদের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ অব্যাহত থাকবে এবং দল তাদের প্রতিবাদ আন্দোলন থেকে পিছু হটবে না।

সংবাদ সম্মেলনে সরকারের নেওয়া ত্রাণ ও ভর্তুকি পদক্ষেপগুলোকে ‘অপ্রতুল’ উল্লেখ করে জ্বালানি তেলের দাম কমানো এবং পেট্রোলিয়াম লেভি বাতিলের দাবি পুনর্ব্যক্ত করেন জামায়াত আমির। তিনি জানান, পেট্রলের দাম কমানোর বিষয়ে সরকারের কাছে একাধিক প্রস্তাব দেওয়া হলেও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কর্মসূচির শর্ত ও চাপের কারণে লেভি কমানো সম্ভব নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ভবিষ্যতের কর্মপন্থা নির্ধারণের আগে সরকারের পক্ষ থেকে লিখিত নিশ্চয়তা চাওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি। এর আগে জ্বালানি তেল ও নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে দেশজুড়ে ৫১০টি স্থানে বিক্ষোভ এবং শাটডাউন কর্মসূচি পালন করেছে দলটি।

সূত্র: জিও নিউজ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন