হরমুজ প্রণালিতে নৌ অবরোধকে অত্যন্ত লাভজনক ব্যবসা হিসেবে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক অনুষ্ঠানে তিনি বলেন, ওয়াশিংটন অবরোধের অংশ হিসেবে ইরানি পণ্য ও তেল জব্দ করছে।
ট্রাম্প বলেন, ‘আমরা পণ্য জব্দ করেছি। তেল জব্দ করেছি, এটি একটি অত্যন্ত লাভজনক ব্যবসা। আমরা অনেকটা জলদস্যুদের মতো কিন্তু আমরা কোনো খেলা খেলছি না।’
অবরোধের পক্ষে যুক্তি দিয়ে ট্রাম্প বলেন, ইরান বহু বছর ধরে হরমুজ প্রণালিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে আসছে। তারা বলেছিল এটি বন্ধ করে দেবে। ইরান হরমুজ বন্ধ করেছে, তারপর আমি তাদের (ইরান) জন্য এটি বন্ধ করে দিয়েছি।’
ইরানের সঙ্গে চলমান পারমাণবিক আলোচনা প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘সত্যি বলতে, হয়তো কোনো চুক্তি না করাই আমাদের জন্য ভালো।’ তবে পরে তিনি দাবি করেন যে এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না।
২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে হামলা শুরু করলে, তেহরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয় এবং হরমুজ প্রণালি বন্ধ করে দেয়।
গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এরপর ১১ থেকে ১২ এপ্রিল ইসলামাবাদে আলোচনা অনুষ্ঠিত হলেও কোনো চুক্তি হয়নি।
সূত্র: আনাদোলু
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


হরমুজ প্রণালিতে নৌ অবরোধ অত্যন্ত লাভজনক ব্যবসা: ট্রাম্প