শত্রুপক্ষের ড্রোন শনাক্ত করে আকাশেই ধ্বংস করতে সক্ষম নতুন প্রতিরক্ষা ব্যবস্থা ‘গোকাল্প’ তৈরি করেছে তুরস্কের প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান আসেলসান। রাডার ও তড়িৎ-অপটিক্যাল প্রযুক্তির সাহায্যে হুমকি শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে প্রতিরোধী ড্রোনের মাধ্যমে শত্রু ড্রোন ধ্বংস করতে পারে এই ব্যবস্থা। খবর আনাদোলুর।
শনিবার তুরস্কের সামাজিক যোগাযোগমাধ্যম এনসোশালে আসেলসান জানিয়েছে, যানবাহনে সংযুক্ত করে ব্যবহারযোগ্য নিজস্ব প্রযুক্তির গোকাল্প একটি সম্পূর্ণ চলনক্ষম ও সাশ্রয়ী ড্রোন প্রতিরোধব্যবস্থা।
সম্প্রতি আসেলসানের ওগলবেই প্রযুক্তি ঘাঁটিতে ব্যবস্থাটির কার্যকারিতা প্রদর্শন করা হয়। এ সময় আউরা রাডারের সাহায্যে একটি লক্ষ্য ড্রোন শনাক্ত করা হয়। পরে ড্রোনডেফ ব্যবস্থার নিয়ন্ত্রণ সফটওয়্যারের মাধ্যমে তাৎক্ষণিক তথ্য পাঠানো হয় গোকাল্প ই১ প্রতিরোধী ড্রোনে।
এরপর গোকাল্প ই১ সরাসরি আঘাত করে আকাশেই লক্ষ্য ড্রোনটি ধ্বংস করে। এ পদ্ধতিকে ‘হিট-টু-কিল’ বলা হয়, যেখানে বিস্ফোরক বা অন্য কোনো পরোক্ষ উপায়ের পরিবর্তে সরাসরি সংঘর্ষের মাধ্যমে লক্ষ্যবস্তুকে নিষ্ক্রিয় করা হয়।
আসেলসান জানিয়েছে, সফল এই প্রদর্শনীর মাধ্যমে ব্যবস্থাটির বিভিন্ন উপাদানের সমন্বিত কার্যক্ষমতা এবং বাস্তব পরিস্থিতিতে শত্রু ড্রোন প্রতিহত করার সক্ষমতা আবারও প্রমাণিত হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


