ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামলার জন্য যুক্তরাষ্ট্রকে ভয়ঙ্কর ও চিরস্থায়ী পরিণতি ভোগ করতে হবে। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর প্রথমবারের মতো দেওয়া প্রতিক্রিয়ায় তিনি এ হুঁশিয়ারি দেন।
রোববার আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি ওয়াশিংটনের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ করেছেন।
সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে আরাগচি বলেন, ‘জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় আক্রমণ করে জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং এনপিটির গুরুতর লঙ্ঘন করেছে।’
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আজ সকালের ঘটনাগুলো অত্যন্ত ভয়াবহ এবং যুক্তরাষ্ট্রকে এর দীর্ঘস্থায়ী পরিণতি ভোগ করতে হবে। জাতিসংঘের প্রতিটি সদস্যকে এই অত্যন্ত বিপজ্জনক, বেআইনী এবং অপরাধমূলক আচরণের জন্য সতর্ক থাকতে হবে।’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন যে ইরান ‘তার সার্বভৌমত্ব, স্বার্থ এবং জনগণকে রক্ষা করার জন্য সকল বিকল্প সংরক্ষণ করে রেখেছে।’
এরআগে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের 'বর্বর হামলার' তীব্র নিন্দা জানায় ইরানের পরমাণু শক্তি সংস্থা।
এক বিবৃতিতে সংস্থাটি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার 'উদাসীনতা এবং এমনকি সহাবস্থানের' অভিযোগেরও সমালোচনা করেছে।
বৈশ্বিক সম্প্রদায়ের প্রতি 'এই হামলাগুলোর নিন্দা এবং ইরানের ন্যায্য অবস্থানকে সমর্থন জানানোর' আহ্বান জানিয়েছে ইরানের পরমানু শক্তি সংস্থা।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



