ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের এক দশকের শাসনামলে দেশটির গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও মানবাধিকার সুরক্ষার ব্যবস্থাগুলো দুর্বল হয়েছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটির দাবি, ক্ষমতার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ক্ষুণ্ন করা হয়েছে। পাশাপাশি রাজনৈতিক বিরোধীদের দমন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রাজনৈতিক ব্যবহার এবং সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সংকুচিত করার প্রবণতা বেড়েছে।
সম্প্রতি প্রকাশিত ৯৫ পৃষ্ঠার এক প্রতিবেদনে এসব উদ্বেগ তুলে ধরেছে সংস্থাটি। ‘সো হোয়াটস দিস ডেমোক্রেসি উই আর টকিং অ্যাবাউট? মোদিস অথরিটারিয়ান প্লেবুক ইন ইন্ডিয়া’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সরকার পার্লামেন্টের কার্যপ্রণালি দুর্বল করছে, রাজনৈতিক বিরোধীদের দমনে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে সমালোচকদের বিরুদ্ধে ব্যবহার করছে।
প্রতিবেদনে বলা হয়, গত এক দশকে মোদি সরকার এমন সব স্বাধীন প্রতিষ্ঠানকে দুর্বল করেছে, যেগুলো নির্বাহী বিভাগের ক্ষমতার ওপর নজরদারি এবং নাগরিক স্বাধীনতা সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর ফলে আইনের শাসন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠতাবাদী রাজনীতির বিস্তার ঘটেছে বলে মনে করে এইচআরডব্লিউ।
সংস্থাটির এশিয়া অঞ্চলের পরিচালক এলেইন পিয়ারসন বলেন, মোদি সরকার স্বাধীন প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ক্রমাগত কমিয়ে দিয়েছে। এসব প্রতিষ্ঠানের দায়িত্ব ছিল নির্বাহী ক্ষমতার ওপর নিয়ন্ত্রণ রাখা এবং নাগরিক স্বাধীনতা রক্ষা করা। সরকারের পদক্ষেপে মানবাধিকার সুরক্ষা পিছিয়ে পড়েছে, প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ক্ষুণ্ন হয়েছে এবং ভারতে কর্তৃত্ববাদী প্রবণতা আরো গভীর হয়েছে।
প্রতিবেদন তৈরির জন্য ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৪০ জনের বেশি আইনজীবী, সাংবাদিক, মানবাধিকারকর্মী, গবেষক, শিক্ষাবিদ, বর্তমান ও সাবেক বিচারক এবং সাবেক সরকারি কর্মকর্তার সাক্ষাৎকার নিয়েছে সংস্থাটি।
পার্লামেন্ট ও নির্বাচন কমিশনের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
এইচআরডব্লিউর প্রতিবেদনে বলা হয়েছে, পার্লামেন্টের তদারকি ও জবাবদিহির ব্যবস্থা পাশ কাটিয়ে নিজেদের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করেছে মোদি সরকার। ২০২৩ সালের ডিসেম্বরে নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণ বাড়িয়ে একটি আইন পাস করা হয়। একই আইনে দায়িত্ব পালনের সময় নির্বাচন কমিশনারদের নেওয়া সিদ্ধান্ত ও বক্তব্যের জন্য বিস্তৃত আইনি দায়মুক্তির ব্যবস্থাও রাখা হয়।
প্রতিবেদন অনুযায়ী, আইনটি পাসের সময় বিরোধী দলের সদস্যদের নজিরবিহীন সংখ্যায় সংসদের উভয় কক্ষ থেকে বহিষ্কার করা হয়েছিল। ওই অধিবেশনে লোকসভা থেকে ১০০ জন এবং রাজ্যসভা থেকে ৪৬ জন বিরোধী সদস্যকে পুরো অধিবেশনের জন্য বহিষ্কার করা হয়।
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে সংস্থাটি। তাদের অভিযোগ, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ক্ষমতাসীন দলের শীর্ষ নেতাদের দেওয়া বিদ্বেষমূলক বক্তব্যের বিরুদ্ধে কমিশন যথাযথ ব্যবস্থা নেয়নি। ভোটার তালিকায় কারচুপি, ভোটের তথ্য প্রকাশে বাধা, ভোট গণনায় অনিয়ম এবং ইলেকট্রনিক ভোটিং মেশিনে হস্তক্ষেপের অভিযোগও বিশ্বাসযোগ্যভাবে তদন্ত করা হয়নি।
বিশেষ করে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে উদ্বেগ জানিয়েছে এইচআরডব্লিউ। সংস্থাটির দাবি, ২০২৫ সালের জুন থেকে দেশজুড়ে ভোটার তালিকা থেকে ১৩ কোটির বেশি নাম বাদ পড়েছে। মৃত, একাধিকবার নিবন্ধিত কিংবা অযোগ্য ভোটারদের নাম বাদ দেওয়ার কথা বলা হলেও এ প্রক্রিয়ায় যথেচ্ছভাবে নাম বাদ দেওয়ার অভিযোগ উঠেছে।
পশ্চিমবঙ্গে এ প্রক্রিয়ায় প্রায় ৯০ লাখ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছিল, যা রাজ্যের মোট ভোটারের প্রায় ১২ শতাংশ। এ নিয়ে ব্যাপক বিতর্ক ও প্রতিবাদের পর নির্বাচন কমিশন নভেম্বরে কিছু সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে বাদ পড়া কয়েকটি নাম পুনরায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেয়।
বিরোধীদের বিরুদ্ধে তদন্তকারী সংস্থার ব্যবহার
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর ভূমিকা নিয়েও বিস্তারিত আলোচনা করেছে এইচআরডব্লিউ। প্রতিবেদনে বলা হয়েছে, অর্থ পাচার প্রতিরোধ আইনের ক্ষমতা বাড়িয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ইডি) রাজনৈতিক বিরোধী, অধিকারকর্মী ও সরকারের সমালোচকদের বিরুদ্ধে ব্যবহারের সুযোগ তৈরি করা হয়েছে।
সংস্থাটির উল্লেখ করা সরকারি তথ্য অনুযায়ী, ২০১৫ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ইডি ১৯৩ জন রাজনীতিকের বিরুদ্ধে মামলা করেছে। তাদের অধিকাংশই ক্ষমতাসীন দলের বিরোধী। মোদি সরকারের আগের দশকে এ ধরনের তদন্তের আওতায় ছিলেন ২৬ জন রাজনীতিক। অর্থাৎ পরবর্তী সময়ে এ সংখ্যা ৬০০ শতাংশের বেশি বেড়েছে।
এইচআরডব্লিউর অভিযোগ, বিরোধী দল থেকে বিজেপিতে যোগ দেওয়ার পর অনেক রাজনীতিকের বিরুদ্ধে তদন্ত স্থবির হয়ে পড়ে অথবা মামলা থেকে অভিযোগ প্রত্যাহার করা হয়। এ কারণে বিরোধী দলগুলো বিজেপিকে ‘ওয়াশিং মেশিন’ বলে সমালোচনা করে থাকে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, ২০১৪ সালের পর থেকে বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন আর্থিক অনিয়মসংক্রান্ত আইন ব্যবহার করে মানবাধিকার সংগঠন, আইনজীবী, অধিকারকর্মী ও গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর চাপ সৃষ্টি করা হয়েছে। একই সঙ্গে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন বা ইউএপিএ ব্যবহার করে মানবাধিকারকর্মী, সাংবাদিক, শিক্ষার্থী, শান্তিপূর্ণ বিক্ষোভকারী, শিক্ষাবিদ ও সরকারের সমালোচকদের দীর্ঘ সময় বিচার ছাড়াই কারাগারে রাখার অভিযোগও তুলে ধরা হয়েছে।
বিচার বিভাগের ভূমিকা নিয়েও সমালোচনা
ভারতের বিচার বিভাগ মৌলিক অধিকার সুরক্ষায় যথাযথ ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে এইচআরডব্লিউ। সংস্থাটির মতে, ২০২২ সালে ভারতের সুপ্রিম কোর্ট অর্থ পাচার প্রতিরোধ আইনের আওতায় তদন্তকারী সংস্থাগুলোর গ্রেপ্তার, তল্লাশি ও জব্দের ক্ষমতা বহাল রাখে এবং তা আরও বিস্তৃত করে। ওই রায় নিয়ে আইন বিশেষজ্ঞদের একাংশের সমালোচনার কথাও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। তাদের মতে, এ সিদ্ধান্ত নাগরিকের জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকারকে দুর্বল করেছে।
ভোটার তালিকা সংশোধন নিয়ে দায়ের করা মামলাগুলোও সুপ্রিম কোর্টে বিচারাধীন। তবে লাখ লাখ ভোটারের নাম বাদ পড়ার পরও আদালত ২০২৬ সালের মে মাসে বলেছিল, এ তথ্য থেকে পদ্ধতিগতভাবে ভোটাধিকার কেড়ে নেওয়ার বিষয়টি প্রমাণিত হয় না বলে আদালত মনে করে।
কোণঠাসা করা হচ্ছে মুসলিমদের
প্রতিবেদনে বলা হয়েছে, “বিজেপির নেতারা কেবল মুসলিমদেরই নয়, বরং অন্যান্য ধর্মীয় বা জাতিগত সংখ্যালঘুদেরও কলঙ্কিত করেছেন এবং হত্যাকাণ্ডসহ সহিংসতাকে—মূলত দায়মুক্তির মাধ্যমে—স্বাভাবিক করে তুলেছেন।”
মুসলিমবিদ্বেষী ঘৃণাত্মক বক্তব্য এবং উগ্রপন্থি সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠার বিষয়টিও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে গো-হত্যার অভিযোগে মুসলিম ও দলিতদের ওপর হামলা, ‘লাভ জিহাদ’ বয়ানের মাধ্যমে ভিন্নধর্মের যুগলদের হয়রানি এবং মুসলিম ও খ্রিস্টানদের বিরুদ্ধে ধর্মান্তরবিরোধী আইনের ব্যবহার।
এছাড়া বাংলাভাষী মুসলিমদের নিশানা করা ও বিতাড়ন, রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানো, সুপ্রিম কোর্টের ২০২৪ সালের রুলিং সত্ত্বেও মুসলিমদের সম্পত্তি শাস্তিমূলকভাবে ভেঙে ফেলা এবং কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত শিখ কৃষকদের ‘খালিস্তানি’ তকমা দেওয়ার মতো বিষয়গুলোও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এইচআরডব্লিউর মতে, এ ধরনের বক্তব্য ও নীতি ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে বৈষম্য ও সহিংসতা উসকে দিয়েছে।
সরকারের সমালোচকদের অধিকার সুরক্ষার আহ্বান
এইচআরডব্লিউর মতে, মোদি সরকারের আমলে প্রতিষ্ঠানগুলোর দুর্বল হয়ে পড়া বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়; বরং একে অপরের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন পদক্ষেপের ফল। বিরোধী রাজনৈতিক শক্তি দুর্বল হলে নির্বাহী বিভাগের ক্ষমতা বাড়ানোর মতো আইন ও সিদ্ধান্তের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা কঠিন হয়ে পড়ে। আবার মানবাধিকার কমিশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃত্বে রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা থাকায় নাগরিক সমাজের ওপর চাপ মোকাবিলায় এসব প্রতিষ্ঠান যথাযথ ভূমিকা রাখতে পারছে না।
প্রতিবেদনে ভারতের আন্তর্জাতিক মিত্রদেরও বিষয়টি নিয়ে উদ্বেগ জানানোর আহ্বান জানানো হয়েছে। জাতিসংঘের মানবাধিকার পরিষদ, দ্বিপক্ষীয় বাণিজ্য ও নিরাপত্তা চুক্তি নিয়ে আলোচনা এবং উচ্চপর্যায়ের বৈঠকে ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
এলেইন পিয়ারসন বলেন, ভারতের গণতান্ত্রিক অবক্ষয় ঠেকাতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সরকারের সমালোচকদের বিরুদ্ধে ব্যবহারের প্রবণতা বন্ধ করতে হবে। এসব প্রতিষ্ঠানকে সবার অধিকার রক্ষার কাজে ফিরিয়ে আনতে হবে। নির্বাহী ক্ষমতার ওপর কার্যকর নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠায় ভারতের মিত্র দেশগুলোরও মোদি সরকারের ওপর চাপ দেওয়া উচিত।
সূত্র: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ও সংবাদ বিজ্ঞপ্তি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


