ইরানের বর্তমান শাসন ব্যবস্থা পরিবর্তনের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইরানের বর্তমান শাসন ব্যবস্থা পরিবর্তনের ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলছেন, ‘যদি বর্তমান ইরানি শাসনব্যবস্থা দেশটিকে আবার শক্তিশালী করে তুলতে সক্ষম হয়, তাহলে তার শাসনব্যবস্থা পরিবর্তন করা হবে।’
ট্রাম্প দাবি করেছেন মার্কিন হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ভয়াবহ ক্ষতি হয়েছে।
ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলছেন, রোববারের হামলার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে দেখানোর চেষ্টা করছে ইরান।
তিনি আরো বলেন, স্যাটেলাইট ছবিতে দেখানো হয়েছে যে ইরানের সব পারমাণবিক স্থাপনার মারাত্মক ক্ষতি হয়েছে। তার মতে ক্ষতি না বলে বরং ধ্বংস হয়েছে বলা সঠিক হবে।
ট্রাম্পের দাবি ‘সবচেয়ে বড় ক্ষতি হয়েছে ভূপৃষ্ঠের অনেক নিচে।’
ইরান এখনও তার পারমাণবিক স্থাপনার ক্ষতির পরিমাণ প্রকাশ করেনি। তবে, সুরক্ষিত ফোরদো স্থাপনার স্যাটেলাইট ছবিতে তিনটি স্থানে ক্ষতি হওয়ার চিত্র দেখা গেছে।
আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশনে বলেছেন, ভূগর্ভে অবস্থিত ফোরদোর প্রকৃত ক্ষতি এখনও অজানা।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



