ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীনদের সরিয়ে দিতে বললেন ট্রাম্প

ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীনদের সরিয়ে দিতে বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীনদের ‘অবিলম্বে’ সরিয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি শহরে অপরাধ দমন ও নিরাপত্তা জোরদারের প্রতিশ্রুতি দিয়েছেন।

বিজ্ঞাপন

স্থানীয় সময় রোববার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশাল-এ ট্রাম্প লিখেছেন, ‘আমরা গৃহহীনদের থাকার ব্যবস্থা করব, তবে রাজধানী থেকে অনেক দূরে। অপরাধীরা সরবে না—তাদের আমরা জেলে পাঠাবো। আমাদের রাজধানী ফেরত চাই, এখানে অপরাধীদের জন্য কোনো ‘ভদ্রলোকি আচরণ’ হবে না।’

তিনি ঘোষণা দিয়েছেন, সোমবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করে ওয়াশিংটন ডিসিকে ‘আগের যেকোনো সময়ের চেয়ে নিরাপদ ও সুন্দর’ করার পরিকল্পনা প্রকাশ করবেন। পরিকল্পনার বিস্তারিত এখনো জানা যায়নি।

এর আগে ২০২২ সালে ট্রাম্প শহরের বাইরে কম খরচের জমিতে ‘উচ্চমানের’ তাঁবুতে গৃহহীনদের রাখার প্রস্তাব দিয়েছিলেন, যেখানে শৌচাগার ও চিকিৎসা সেবার সুযোগ থাকবে।

সম্প্রতি তিনি একটি নির্বাহী আদেশে গৃহহীনদের গ্রেপ্তার সহজ করেছেন এবং গত সপ্তাহে ফেডারেল আইনশৃঙ্খলা বাহিনীকে ওয়াশিংটন ডিসির রাস্তায় মোতায়েনের নির্দেশ দেন। শুক্রবার ইউএস পার্ক পুলিশ, ডিইএ, এফবিআই ও ইউএস মার্শাল সার্ভিসসহ বিভিন্ন সংস্থার এজেন্ট পাঠানো হয়। হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে জানা যায়, শনিবার রাতে প্রায় ৪৫০ জন ফেডারেল অফিসার মোতায়েন করা হয়।

সোমবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, এই পদক্ষেপটি আসে ১৯ বছর বয়সী সাবেক সরকারি কর্মচারীর ওপর কথিত গাড়ি ছিনতাই ও হামলার ঘটনার পর। ট্রাম্প সামাজিক মাধ্যমে রক্তাক্ত ভুক্তভোগীর ছবি শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেন।

এদিকে শহরের মেয়র মুরিয়েল বাউজার হোয়াইট হাউসের সমালোচনা করে বলেন, ‘২০২৩ সালে অপরাধ বেড়েছিল, কিন্তু এখন পরিস্থিতি আলাদা। গত দুই বছরে আমরা সহিংস অপরাধকে ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে এনেছি।’

তিনি হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলারের রাজধানীকে ‘বাগদাদের চেয়ে বেশি সহিংস’ আখ্যা দেয়াকে ‘অতিমাত্রায় অতিরঞ্জিত ও ভুল’ বলে উল্লেখ করেন।

যদিও ওয়াশিংটন ডিসির মাথাপিছু হত্যার হার যুক্তরাষ্ট্রের অনেক শহরের তুলনায় বেশি। চলতি বছরে এখন পর্যন্ত ৯৮টি হত্যাকাণ্ড রেকর্ড হয়েছে। তবে ফেডারেল তথ্যানুযায়ী, গাড়ি ছিনতাই, হামলা ও ডাকাতির ঘটনাসহ মোট সহিংস অপরাধের সংখ্যা গত বছর ছিল গত তিন দশকের মধ্যে সর্বনিম্ন।

ওয়াশিংটন ডিসির জনসংখ্যা প্রায় ৭ লাখ, যার মধ্যে প্রায় ৩ হাজার ৭৮২ জন গৃহহীন। তাদের অধিকাংশ আশ্রয়কেন্দ্র বা সরকারি বাসস্থানে থাকলেও প্রায় ৮০০ জন রাস্তায় বসবাস করে বলে জানিয়েছে কমিউনিটি পার্টনারশিপ নামের একটি সংস্থা।

ট্রাম্প জানিয়েছেন, সোমবারের সংবাদ সম্মেলনে তিনি শহরে ‘অপরাধ, হত্যা ও মৃত্যু’ বন্ধ এবং ‘শারীরিক পুনর্নির্মাণ’ পরিকল্পনা উপস্থাপন করবেন। মেয়র বাউজারকে ‘ভালো মানুষ’ আখ্যা দিয়ে তিনি আরও দাবি করেছেন, বাউজারের চেষ্টা সত্ত্বেও অপরাধ বেড়েছে এবং শহর ‘আরো নোংরা ও কম আকর্ষণীয়’ হয়ে উঠেছে।

সূত্র: বিবিসি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন