পুরো গাজা উপত্যকা দখলের প্রাথমিক পরিকল্পনা নিয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সেনাপ্রধান ইয়াল জামিরের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। সেনাপ্রধান বলছেন, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত ইসরাইলের সেনাবাহিনীর জন্য ‘ফাঁদ’। খবর টাইমস অব ইসরাইলের।
ইসরাইলের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদন অনুযায়ী, সেনাপ্রধান জামির প্রধানমন্ত্রীকে বলেছেন, ‘আপনি গাজায় একটি ফাঁদ তৈরি করতে যাচ্ছেন।’
এছাড়া চ্যানেল-১২ জানায়, সেনাপ্রধান বলেছেন, গাজা উপত্যকা পুরো দখল নিলে হামাসের কাছে আটক ৫০ জন ইসরাইলি জিম্মি বিপদে পড়তে পারেন এবং এরমাধ্যমে সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত হবে। এদের মধ্যে কমপক্ষে ২০ জন জীবিত আছেন বলে ধারনা করা হচ্ছে।
উভয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গাজা পুরো দখলের পরিবর্তে, গাজা সিটি এবং অন্যান্য জনবহুল স্থানগুলো ঘিরে ফেলার সুপারিশ করেছেন আইডিএফ প্রধান।
এদিকে, মিডল ইস্ট মনিটরের এক প্রতিদেনে বলা হয়েছে, পুরো গাজা দখলের পরিকল্পনার বিরোধিতা করলে নিরাপত্তা বাহিনী প্রধান ইয়াল জামিরকে বরখাস্ত করার হুমকি দিয়েছেন নেতানিয়াহু।
এরআগে মঙ্গলবার ইসরাইলের বিভিন্ন গণমাধ্যম জানায়, গাজা উপত্যকা সম্পূর্ণরূপে দখলের নির্দেশ দিতে প্রস্তুত ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যদিও ইসরাইলি সেনাবাহিনীর ভেতর থেকে এ নিয়ে আপত্তি রয়েছে। এই সিদ্ধান্তের ফলে ইসরাইলি সেনাবাহিনী উপত্যকাজুড়ে তাদের অভিযান আরো সম্প্রসারণ করবে।
সংবাদমাধ্যম ওয়াইনেট ইসরাইলি প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একজন ঊর্ধ্বতন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ‘আমরা গাজা উপত্যকা সম্পূর্ণ দখলের জন্য যাচ্ছি।’
গাজা উপত্যকার প্রায় ৭৫ শতাংশ এখন ইসরাইলি বাহিনীর দখলে রয়েছে। তবে প্রধানমন্ত্রীর নতুন পরিকল্পনা অনুযায়ী, সেনাবাহিনী অবশিষ্ট অঞ্চলও দখল করবে বলে ধারনা করা হচ্ছে। যার ফলে পুরো উপত্যকা ইসরাইলি নিয়ন্ত্রণে আসবে।
এই পদক্ষেপের ফলে গাজার লাখ লাখ বেসামরিক নাগরিক এবং সেখানে কর্মরত দাতা গোষ্ঠীগুলোর ওপর কী প্রভাব পড়বে তা স্পষ্ট নয়।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



