আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞায় গভীরভাবে মর্মাহত ইইউ

আতিকুর রহমান নগরী

আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞায় গভীরভাবে মর্মাহত ইইউ
ছবি: মিডল ইস্ট মনিটর

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কাজা কালাস। এক বিবৃতিতে তিনি বলেন, আইসিসির দুই ডেপুটি প্রসিকিউটর এবং দুই বিচারকের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তের জন্য ইইউ গভীরভাবে মর্মাহত। খবর আনাদোলু এজেন্সির।

তিনি বলেন, এই সিদ্ধান্ত প্রসিকিউটর অফিসের কার্যকারিতা এবং চলমান তদন্তের ওপর প্রভাব ফেলতে পারে।

বিজ্ঞাপন

আইসিসির প্রতি ইইউয়ের দৃঢ় সমর্থন রয়েছে বলে জানান তিনি। সেইসঙ্গে বাইরের চাপ বা হুমকির বিরুদ্ধে আদালত এবং এর কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে কাজ করার প্রতিশ্রুতি দেন কালাস।

বিবৃতিতে বলা হয়েছে, ‘আদালত, নির্বাচিত কর্মকর্তা, কর্মী এবং আদালতের সঙ্গে সংশ্লিষ্ট সহযোগিতাকারীদের বিরুদ্ধে আক্রমণ বা হুমকি গ্রহণযোগ্য নয়। আইসিসিকে অবশ্যই স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে সক্ষম হতে হবে।’

কালাস সকল রাজ্যকে আইসিসির সঙ্গে পূর্ণ সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি আইসিসির দেওয়া গ্রেপ্তারি পরোয়ানা দ্রুত কার্যকর করার কথাও বলেন তিনি।

তিনি আরো বলেন, ‘আমরা মার্কিন নির্বাহী আদেশের প্রভাব পর্যবেক্ষণ করছি এবং সম্ভাব্য পরবর্তী পদক্ষেপগুলো পর্যালোচনা করা হবে।’

বুধবার মার্কিন যুক্তরাষ্ট্র আইসিসির দুই বিচারক এবং দুই ডেপুটি প্রসিকিউটরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। এরআগে জুন মাসে আইসিসিরি চার বিচারক এবং এই বছরের শুরুতে আদালতের প্রধান প্রসিকিউটরের বিরুদ্ধে একই ধরণের ব্যবস্থা গ্রহণ করেছিল ওয়াশিংটন।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন