ইসলামাবাদ-তেহরান সম্পর্ক জোরদারের আহ্বান ইরানি প্রেসিডেন্টের

ইসলামাবাদ-তেহরান সম্পর্ক জোরদারের আহ্বান ইরানি প্রেসিডেন্টের

তেহরান ও ইসলামাবাদের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারের বিদ্যমান সব সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার তেহরানে পাকিস্তানের নবনিযুক্ত রাষ্ট্রদূত ইমরান আহমেদ সিদ্দিকীর পরিচয়পত্র গ্রহণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। একই সঙ্গে তিনি মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।

পেজেশকিয়ান পাকিস্তানকে ‘ভ্রাতৃপ্রতিম দেশ’ এবং ‘ইরানিদের দ্বিতীয় আবাস’ হিসেবে উল্লেখ করে বলেন, ইসলামাবাদের সঙ্গে সম্পর্ককে তেহরান অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে।

বিজ্ঞাপন

তেহরানে অবস্থিত পাকিস্তান দূতাবাসের বরাতে জানা যায়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপ এগিয়ে নিতে পাকিস্তানের প্রচেষ্টার প্রশংসা করেন পেজেশকিয়ান। তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠায় ইসলামাবাদ আন্তরিক অঙ্গীকারের পরিচয় দিয়েছে। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, আগামী বছরগুলোতে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো শক্তিশালী হবে।

এ সময় রাষ্ট্রদূত ইমরান আহমেদ সিদ্দিকী পাকিস্তানের নেতৃত্বের পক্ষ থেকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান এবং ইরানের জনগণের প্রতি শুভেচ্ছা জানান। তিনি বাণিজ্য, অর্থনীতি, জ্বালানি ও অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা সম্প্রসারণের ব্যাপক সম্ভাবনার কথা তুলে ধরেন।

সূত্র: ডন

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন