পবিত্র রমজান মাসে টানা ১২ দিন ধরে জেরুজালেমের আল-আকসা মসজিদ বন্ধ রাখায় ইসরাইলের তীব্র নিন্দা জানিয়েছে আটটি আরব ও মুসলিম দেশ। বুধবার সৌদি আরব, মিশর, তুরস্ক, পাকিস্তান, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে নিন্দা জানান।
তারা বলেছেন, ‘জেরুজালেম শহর এবং আল-আকসা মসজিদসহ অন্যান্য মসজিদে নামাজ ও ইবাদত করার ওপর যে নিরাপত্তা কড়াকড়ি এবং বৈষম্যমূলক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। এটি আন্তর্জাতিক মানবিক আইন ও ঐতিহাসিক রীতিনীতি অমান্য করার পাশাপাশি অবাধে ইবাদত করার অধিকারকেও খর্ব করে।’
বিবৃতিতে বলা হয়, ‘আমরা এই অবৈধ ও অযৌক্তিক পদক্ষেপের পাশাপাশি আল-আকসা মসজিদে ইবাদতকারীদের বিরুদ্ধে ইসরাইলের চলমান প্ররোচনামূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রত্যাখ্যান করছি। দখলকৃত জেরুজালেম বা এর ইসলামি ও খ্রিষ্টান পবিত্র স্থানগুলোর ওপর ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই।’
এদিকে গত শুক্রবার আল-আকসায় মুসলিমদের জুমার নামাজ আদায় করতে দেয়নি ইসরাইলি পুলিশ। নিরাপত্তার কারণ দেখিয়ে তারা এ কাজ করে।
মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা আরো বলেন, ‘আল-আকসা মসজিদ এলাকাটি ‘একচেটিয়াভাবে’ কেবল মুসলমানদের জন্য। জর্ডানের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে থাকা জেরুজালেম এনডাউমেন্টস এবং আল-আকসা মসজিদবিষয়ক বিভাগই এই পবিত্র চত্বর পরিচালনার একমাত্র বৈধ কর্তৃপক্ষ।’
বিবৃতিতে অবিলম্বে আল-আকসা মসজিদের গেটগুলো খুলে দেওয়ার এবং মুসলিম ইবাদতকারীদের প্রবেশে বাধা না দেওয়ার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে এই লঙ্ঘন বন্ধ করতে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির অনুরোধ জানানো হয়।
সূত্র: আল জাজিরা
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


দুবাইতে আবাসিক ভবনে ড্রোনের আঘাতে আগুন