যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টির প্রায় ৪০ হাজার বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ একটি ট্যাঙ্ক থেকে বিষাক্ত রাসায়নিক চুইয়ে পড়তে পারে বা সেটি বিস্ফোরিত হতে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
অতিরিক্ত গরম হয়ে যাওয়ায় মিথাইল মেথাক্রাইলেট নামক রাসায়নিকে পূর্ণ ট্যাঙ্কটির বিস্ফোরণ রোধ করার জন্য কর্তৃপক্ষ গত দুই দিন ধরে চেষ্টা করে আসছে। তারা সংশ্লিষ্ট স্থাপনাটির চারপাশের ৯ বর্গমাইল এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ জারি করেছে। এই এলাকায় ৪০ হাজারের বেশি মানুষ বসবাস করেন।
সমস্যার সূত্রপাত বৃহস্পতিবার (২১ মে) গার্ডেন গ্রোভ শহরের জিকেএন অ্যারোস্পেসের একটি কারখানায়। সেখানে মিথাইল মেথাক্রাইলেট নামের অত্যন্ত দাহ্য রাসায়নিকভর্তি একটি সংরক্ষণ ট্যাংক থেকে গ্যাস বের হতে শুরু করে। এই রাসায়নিক রেজিন ও প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত হয়।
প্রথমে হ্যাজম্যাট (বিপজ্জনক রাসায়নিক মোকাবিলা) দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। পরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে মনে করে সেই নির্দেশ তুলে নেওয়া হয়। কিন্তু পরে ট্যাংকের একটি ভালভ ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে এবং পুরোপুরি ঝুঁকি নিয়ন্ত্রণ সম্ভব হয়নি বলে জানায় গার্ডেন গ্রোভ কর্তৃপক্ষ।
অরেঞ্জ কাউন্টি ফায়ার অথরিটির বিভাগীয় প্রধান ক্রেইগ কোভি সংবাদ সম্মেলনে বলেন, এখন মূলত দুটি সম্ভাবনা রয়েছে— এক, ট্যাংকটি ফেটে গিয়ে প্রায় ৬ থেকে ৭ হাজার গ্যালন বিপজ্জনক রাসায়নিক আশপাশে ছড়িয়ে পড়তে পারে। দুই, ট্যাংকে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে বিস্ফোরণ ঘটতে পারে, যা পাশের অন্যান্য জ্বালানি ও রাসায়নিক ট্যাংকেও আগুন বা বিস্ফোরণের ঝুঁকি তৈরি করবে।
সূত্র: সিএনএন
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি রক্ষায় মরিয়া মধ্যস্থতাকারীরা