রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ক্রেমলিন বারবার ইসরাইলকে আশ্বস্ত করেছে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কোনো চেষ্টা করছে না। স্কাইনিউজ আরবকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট পুতিন একথা জানান।
স্কাইনিউজ আরবের বরাত দিয়ে শনিবার আল জাজিরা জানায়, পুতিন সাক্ষাৎকারে বলেন, রাশিয়া ধারাবাহিকভাবে ইসরাইলকে জানিয়েছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির ইচ্ছা পোষণ করে না।
চলতি সপ্তাহের শুরুতে, রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আল জাজিরাকে জানিয়েছিলেন, প্রেসিডেন্ট পুতিন ইরান, ইসরাইল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নিরসনে মস্কোর মধ্যস্থতা করার ইচ্ছা প্রকাশ করেছেন।
শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার দূত ভাসিলি নেবেনজিয়া বলেছেন, ইসরাইল জাতিসংঘ সনদের প্রতি কোনো সম্মান না দেখিয়ে সার্বভৌম রাষ্ট্র ইরানের ওপর একতরফাভাবে হামলা চালিয়েছে। ইসরাইল কূটনৈতিক প্রচেষ্টার প্রতি ‘স্পষ্ট অবজ্ঞা’ দেখিয়েছে।
শুক্রবার নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশনে বক্তব্য দেন রাশিয়ার দূত ভাসিলি নেবেনজিয়া।
তিনি বলেন, ইরানের শান্তিপূর্ণ বেসামরিক পরমাণু স্থাপনাগুলো এখনো হামলার লক্ষ্য হচ্ছে, যা আমাদের এক নজিরবিহীন পারমাণবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচিত পরিস্থিতি সম্পর্কে একটি নিরপেক্ষ মূল্যায়ন দেওয়া এবং যথোপযুক্ত সমাধানের পথ খুঁজে বের করা।
তিনি আরো বলেন, ইসরাইল এমন এক সময়ে ইরানে হামলা চালিয়েছে, যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ধারাবাহিকভাবে পরোক্ষ আলোচনা চলছিল।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



