পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়নের রূপরেখা নিয়ে ইসলামাবাদে তিন দেশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে হওয়ার কথা রয়েছে । ইয়েমেনের হুথিদের সৌদি আরবে হামলা এবং উপসাগরীয় অঞ্চলে ইরানের বিচ্ছিন্ন ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
গত ৭ আগস্ট স্বাক্ষরিত চুক্তিতে বলা হয়েছে, তিন দেশের কোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে তা বাকি দুই দেশের ওপরও হামলা হিসেবে বিবেচিত হবে। তবে চুক্তিটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। যৌথ সামরিক প্রতিক্রিয়ার পদ্ধতি, বাহিনী মোতায়েন ও নেতৃত্বের কাঠামো চূড়ান্ত হয়নি।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, সৌদি আরবের নিরাপত্তার প্রতি যেকোনো হুমকি পাকিস্তান ও তুরস্কের জন্যও হুমকি। তবে পাকিস্তান স্পষ্ট করেছে, সৌদি আরবকে রক্ষা করতে দেশটিতে সেনা মোতায়েন করা হলেও ইয়েমেনে প্রবেশ করে হুথিদের বিরুদ্ধে আক্রমণ চালাবে না পাকিস্তানি বাহিনী।
বিশ্লেষকদের মতে, এখানেই চুক্তির বাস্তব সীমাবদ্ধতা। সৌদি আরব হুথিদের বিরুদ্ধে পাকিস্তানের আরো সক্রিয় সামরিক ভূমিকা চাইলেও পাকিস্তান ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ও মধ্যস্থতাকারীর ভূমিকা হারাতে চায় না। কারণ, ইরান হুথিদের অন্যতম প্রধান সমর্থক।
এদিকে সৌদি আরবে হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় গত ২৩ সেপ্টেম্বরের পর থেকে অন্তত ২৬ জন নিহত হয়েছেন বলে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে। গত ৫ অক্টোবর রিয়াদে চুক্তিভুক্ত দেশগুলোর জরুরি বৈঠকে সৌদি আরবের প্রতিরক্ষায় প্রয়োজনীয় সেনা ও সামরিক সক্ষমতা দ্রুত মোতায়েনের সিদ্ধান্ত হয়। তবে ইয়েমেনে সরাসরি অভিযান চালানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও জানিয়েছেন, আপাতত সৌদি আরবের প্রতিরক্ষায় সহায়তা দেওয়াই তাদের নীতি; ইয়েমেনে সেনা পাঠানোর সিদ্ধান্ত হয়নি।
চুক্তির প্রাতিষ্ঠানিক কাঠামো গঠনে অবশ্য অগ্রগতি হয়েছে। পাকিস্তানের সাবেক লেফটেন্যান্ট জেনারেল নওমান মাহমুদকে তিন বছরের জন্য জোটের প্রথম মহাসচিব নিয়োগ দেওয়া হয়েছে। পাকিস্তান ও সৌদি আরব চুক্তির অনুমোদন প্রক্রিয়া শেষ করেছে। তুরস্কের পার্লামেন্টেও চুক্তিটি অনুমোদিত হয়েছে।
তবে বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের মতো কোনো বৃহৎ শক্তি এ জোটের অংশ না হওয়ায় এর সামরিক সক্ষমতা ও আঞ্চলিক প্রভাব সীমিত থাকতে পারে।
অন্যদিকে, পাকিস্তান একই সঙ্গে সৌদি আরবের প্রতিরক্ষা সহযোগী এবং ইরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের মাধ্যম হিসেবে ভূমিকা রাখছে। গত ২৬ অক্টোবর তেহরানে সৌদি, পাকিস্তানি ও তুর্কি কর্মকর্তাদের সঙ্গে ইরানের নিরাপত্তা কর্মকর্তাদের বৈঠকেও ইসলামাবাদের মধ্যস্থতার বিষয়টি স্পষ্ট হয়।
বিশ্লেষকদের ধারণা, ইরানের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে সৌদি আরব পাকিস্তানের ওপর হুথিবিরোধী সামরিক ভূমিকা বাড়ানোর চাপ দিতে পারে। এতে ইরানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে।
সব মিলিয়ে, মক্কা প্রতিরক্ষা চুক্তি আঞ্চলিক নিরাপত্তায় নতুন সহযোগিতার সম্ভাবনা তৈরি করলেও যৌথ প্রতিরক্ষার প্রতিশ্রুতি বাস্তবে কতটা কার্যকর হবে, তা নির্ভর করছে তিন দেশের রাজনৈতিক সদিচ্ছা, সামরিক সক্ষমতা এবং ইরান-সৌদি আরব সম্পর্কের ভবিষ্যতের ওপর।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



