জার্মানির পরবর্তী প্রেসিডেন্ট পদে বাভারিয়ার রাজনীতিক ইলসে আইগনারকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। তার মনোনয়ন চূড়ান্ত হলে জার্মানির ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হবেন ৬১ বছর বয়সি এই রাজনীতিক।
রোববার নিজ দল মধ্য ডানপন্থি ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ) নেতাদের সম্মানে আয়োজিত এক নৈশভোজে এ ঘোষণা দেন মের্ৎস।
ইলসে আইগনার বাভারিয়া রাজ্য পার্লামেন্টের স্পিকার। তিনি সিডিইউর বাভারিয়াভিত্তিক সহযোগী দল ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়নের (সিএসইউ) সদস্য। সোমবার সিডিইউ ও সিএসইউর বৈঠকে তার মনোনয়ন অনুমোদিত হলে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত।
জার্মানির রাজনৈতিক রীতি অনুযায়ী, ক্ষমতাসীন জোটের দলগুলোকে প্রেসিডেন্ট পদে একজন অভিন্ন প্রার্থী মনোনীত করতে হয়। দেশটির বর্তমান সরকার সিডিইউ, সিএসইউ এবং সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (এসপিডি) সমন্বয়ে গঠিত। এসপিডি আগেও প্রেসিডেন্ট পদে আইগনারের প্রতি সমর্থন জানিয়েছে।
জার্মানিতে প্রেসিডেন্ট নির্বাচিত হন ফেডারেল কনভেনশন নামের বিশেষ নির্বাচকমণ্ডলীর মাধ্যমে। শুধু প্রেসিডেন্ট নির্বাচনের জন্যই এই কনভেনশন আহ্বান করা হয়। আগামী ৩০ জানুয়ারি এ নির্বাচকমণ্ডলী বর্তমান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ারের উত্তরসূরি নির্বাচন করবে।
সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা স্টাইনমায়ার ২০১৭ সালে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। আগামী ২০২৭ সালের মার্চে তার পাঁচ বছর মেয়াদি দ্বিতীয় ও শেষ মেয়াদ পূর্ণ হবে।
জার্মানির প্রেসিডেন্টের পদটি মূলত আনুষ্ঠানিক। তিনি আইনে স্বাক্ষর করেন এবং মন্ত্রীদের আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেন। তবে দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে নিরপেক্ষ ভূমিকা পালনের সুযোগ রয়েছে তাঁর। একই সঙ্গে তিনি জাতীয় ঐক্যের প্রতীক হিসেবেও দায়িত্ব পালন করেন।
মনোনয়ন নিয়ে জোটে টানাপোড়েন
চলতি বছরের শুরুর দিকে সিএসইউ প্রেসিডেন্ট পদে আইগনারের নাম প্রস্তাব করেছিল। তবে মের্ৎস বিকল্প প্রার্থী বিবেচনা করায় তখন সিডিইউ তার মনোনয়নে সমর্থন দিতে দেরি করে। এতে দুই সহযোগী দলের মধ্যে সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়।
আইগনার ১৯৯৮ সালে জার্মানির ফেডারেল পার্লামেন্টের সদস্য নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে জাতীয় রাজনীতিতে প্রবেশ করেন। এর আগে তিনি স্থানীয় রাজনীতিতে যুক্ত ছিলেন।
সাবেক চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সরকারের সময় তিনি কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে নিজ রাজ্য বাভারিয়ায় ফিরে যান। ২০১৮ সালে তিনি বাভারিয়া রাজ্য পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হন। সেই দায়িত্ব এখনো পালন করছেন তিনি।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

