গাজায় প্রতিদিন গড়ে একটি শিশুকে হত্যা করছে ইসরাইল: জাতিসংঘ

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

গাজায় প্রতিদিন গড়ে একটি শিশুকে হত্যা করছে ইসরাইল: জাতিসংঘ
ছবি: সংগৃহীত

জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউসেফ জানিয়েছে, ইসরাইলের সঙ্গে তথাকথিত ‘যুদ্ধবিরতি’ ঘোষণার পর থেকে গাজায় গড়ে প্রতিদিন একজন করে ফিলিস্তিনি শিশু নিহত হচ্ছে। এই যুদ্ধবিরতিকে একটি ‘নিষ্ঠুর ও মারাত্মক বিভ্রম’ হিসেবে বর্ণনা করেছে ইউনিসেফ। কারণ অবরুদ্ধ এই উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরাইল ।

ইউনিসেফ শুক্রবার জানায়, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ইসরাইলি বাহিনী অন্তত ২৬৫ জন ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে।

বিজ্ঞাপন

ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার জেনেভায় সাংবাদিকদের বলেন, ‘আট মাসেরও বেশি সময় ধরে গড়ে প্রতিদিন একটি করে শিশু নিহত হয়েছে।’

তিনি বলেন, এই ধারাবাহিক মৃত্যু এমন একটি যুদ্ধবিরতির অন্তঃসারশূন্যতাকে উন্মোচিত করেছে, যা ফিলিস্তিনি শিশুদের ইসরাইলি গোলাবর্ষণ থেকে রক্ষা করতে পারেনি।

এল্ডার বলেন, ‘সারা বিশ্ব যখন যুদ্ধবিরতির ভাষায় কথা বলে চলেছে, গাজার পরিবারগুলো তখনো তাদের ছেলেমেয়েদের দাফন করে চলেছে। বাড়ি, স্কুল এবং জনবহুল স্থানে, এমনকি ফুটবল খেলা বা মাছ ধরার সময়েও শিশুরা নিহত হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘এ সপ্তাহে ইসরাইলি বাহিনীর গুলিতে দুই বছরের এক বালক নিহত এবং ১৩ বছরের এক বালক তার তাঁবুর ভেতরে গুলিতে নিহত হয়। ৫ বছরের এক বালক ও তার বাবা ইসরাইলি হামলায় নিহত হয়েছে এবং এই ধারা থামছে না।’

ইউনিসেফ জানায়, অক্টোবর থেকে চার শতাধিত শিশু আহত হয়েছে, যাদের অনেকের আঘাত মারাত্মক।

ইসরাইল তথাকথিত ‘ইয়েলো লাইন’ ও ‘অরেঞ্জ লাইন’ সীমানা ক্রমাগত সম্প্রসারণ করছে উল্লেখ করে এল্ডার বলেন, ‘অরেঞ্জ লাইনের কাছে হাঁচি দিলেও আপনি গুলিবিদ্ধ হতে পারেন।’

এল্ডার সতর্ক করে বলেন, শত শত শিশুকে জরুরি ভিত্তিতে চিকিৎসার জন্য অন্যত্র সরিয়ে নেওয়া প্রয়োজন। অত্যাবশ্যকীয় ওষুধের ওপর ইসরাইলি নিষেধাজ্ঞার কারণে আহত শিশুদের মধ্যে সংক্রমণ, জটিলতা এবং অঙ্গচ্ছেদের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।

তিনি বলেন, গাজার শিশুদের ওপর মানসিক চাপ অসহনীয় হয়ে উঠেছে। তার মতে, ‘গাজার শিশুদের জন্য ভয়, ক্ষতি এবং সহিংসতা এতটাই নিত্যনৈমিত্তিক হয়ে উঠেছে যে, এই মানসিক আঘাত আর তাদের জীবনের বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটি তাদের শৈশবের প্রতিটি বুননের সাথে মিশে গেছে।’

এ বিষয়ে সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যুদ্ধবিরতির সময়ও শিশুদের ক্রমাগত মৃত্যু আন্তর্জাতিক আইনে প্রতিশ্রুতিবদ্ধ যে কাউকেই শঙ্কিত করবে।

তিনি বলেন, ‘যত দিন শিশুদের হত্যা করা অব্যাহত থাকবে, তত দিন কোনো যুদ্ধবিরতিকেই অর্থবহ বলে বিবেচনা করা যায় না।’

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...