এআইচালিত দুটি উপগ্রহ মহাকাশে পাঠাল চীন

এআইচালিত দুটি উপগ্রহ মহাকাশে পাঠাল চীন
ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসমৃদ্ধ দুটি উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে চীন। দেশটির পূর্বাঞ্চলের শানডং প্রদেশের উপকূলবর্তী সমুদ্র এলাকা থেকে উৎক্ষেপণ করা একটি রকেটের মাধ্যমে উপগ্রহ দুটি সফলভাবে কক্ষপথে স্থাপন করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া বৃহস্পতিবার এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বুধবার ‘স্মার্ট ড্রাগন-৩’ রকেটের মাধ্যমে এআইচালিত দূর অনুধাবন (রিমোট সেন্সিং) উপগ্রহ দুটি উৎক্ষেপণ করা হয়।

বিজ্ঞাপন

স্টার.এআই স্পেশিও-টেম্পোরাল ইন্টেলিজেন্স টেকনোলজি কোম্পানি লিমিটেডের তৈরি উপগ্রহ দুটি উজবেকিস্তান ও ইন্দোনেশিয়াকে বুদ্ধিমান রিমোট সেন্সিং সেবা প্রদান করবে।

কোম্পানিটির দাবি, এআইচালিত এসব উপগ্রহ মহাকাশেই তথ্য বিশ্লেষণ ও কম্পিউটিং কার্যক্রম সম্পন্ন করতে সক্ষম। ফলে প্রচলিত উপগ্রহের যেখানে তথ্য বিশ্লেষণে কয়েক ঘণ্টা সময় লাগে, সেখানে এসব উপগ্রহ মাত্র কয়েক মিনিটের মধ্যেই দুর্যোগের আগাম সতর্কতা ও সিদ্ধান্ত গ্রহণে সহায়ক তথ্য সরবরাহ করতে পারবে।

উপগ্রহ দুটির একটি উজবেকিস্তানের তুলা শিল্পের উৎপাদনচক্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করবে। অন্যটি ইন্দোনেশিয়ার কৃষি উৎপাদন সুরক্ষায় ফসলের বৃদ্ধি পর্যবেক্ষণ এবং দুর্যোগজনিত ঝুঁকি মূল্যায়নের কাজ করবে বলে জানিয়েছে সিনহুয়া।

চীনের দাবি, এ মিশনের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা ও মহাকাশ প্রযুক্তির সমন্বিত ব্যবহারকে আরো এগিয়ে নেওয়া হবে। পাশাপাশি কৃষি, আবহাওয়া, খনিজ অনুসন্ধান এবং দুর্যোগ ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর সহায়তায় এ প্রযুক্তি কাজে লাগানো হবে।

সূত্র: আনাদোলু

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন