নাগরিকদের ১০ শতাংশ গ্যাস সাশ্রয়ের আহ্বান ইরানের

নাগরিকদের ১০ শতাংশ গ্যাস সাশ্রয়ের আহ্বান ইরানের

শীত মৌসুমে সম্ভাব্য গ্যাসসংকট মোকাবিলায় দেশজুড়ে অন্তত ১০ শতাংশ গ্যাসের ব্যবহার কমানোর আহ্বান জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। গ্যাস সাশ্রয়কারীদের আর্থিক সুবিধা দেওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

ইরানি সংবাদমাধ্যমে প্রচারিত এক ভিডিওবার্তায় গালিবাফ বলেন, আসন্ন শীত পার করতে হলে জাতীয় পর্যায়ে সম্মিলিত উদ্যোগ নেওয়া জরুরি। এ জন্য অন্তত ১০ শতাংশ গ্যাসের ব্যবহার কমাতে হবে।

তিনি জানান, যে পরিমাণ গ্যাসই সাশ্রয় করা হোক না কেন, সংশ্লিষ্ট ব্যক্তি তার সাশ্রয়ের অনুপাতে অর্থ পাবেন। এই অর্থ সরাসরি তার ব্যাংক হিসাবে জমা দেওয়া হবে। এর মাধ্যমে গ্যাস সাশ্রয়ের আর্থিক সুফল পরিবারগুলো সরাসরি বুঝতে পারবে বলে মন্তব্য করেন তিনি।

বিশ্বের অন্যতম বড় প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী দেশ ইরান। তা সত্ত্বেও দীর্ঘদিন ধরে দেশটিতে গ্যাসের ঘাটতি দেখা যাচ্ছে। বিশেষ করে শীতকালে ঘরবাড়ি গরম রাখার ব্যবস্থা ও অন্যান্য কাজে বিপুল পরিমাণ গ্যাসের চাহিদা তৈরি হয়। দেশটির উত্তরাঞ্চলে শীতের সময় তাপমাত্রা প্রায়ই হিমাঙ্কের নিচে নেমে যায়।

গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধের কারণে পরিস্থিতি আরো জটিল হয়েছে বলে জানিয়েছে তেহরান। প্রায় ৪০ দিন ধরে চলা সংঘাতের সবচেয়ে তীব্র পর্যায়ে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোর পাশাপাশি প্রাকৃতিক গ্যাস পরিশোধনাগারেও হামলা চালানো হয় বলে দাবি করেছে দেশটি।

সূত্র: আল জাজিরা

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন