সৌদিতে এক সপ্তাহে ১৪ হাজার প্রবাসী গ্রেপ্তার

সৌদিতে এক সপ্তাহে ১৪ হাজার প্রবাসী গ্রেপ্তার
ছবি: সৌদি গেজেট

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তাসংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১৩ হাজার ৯০৫ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গত ১৫ থেকে ২১ অক্টোবর পর্যন্ত এসব অভিযান চালানো হয় বলে জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৬ হাজার ৫৫৪ জন আবাসন আইন, ৩ হাজার ৮৬৫ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৪৮৬ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছেন।

বিজ্ঞাপন

এছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে ১ হাজার ৮৮১ জনকে আটক করা হয়েছে। অন্যদিকে, সীমান্তপথে অবৈধভাবে দেশত্যাগের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আরো ২২ জনকে।

আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় প্রদান, নিয়োগ কিংবা তাদের পরিচয় গোপন রাখার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরো ২১ জনকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বর্তমানে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তাসংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে মোট ৩৭ হাজার ৬১৮ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। তাদের মধ্যে ৩৫ হাজার ৪৪৯ জন পুরুষ এবং ২ হাজার ১৬৯ জন নারী।

এছাড়া ভ্রমণসংক্রান্ত নথি সংগ্রহের জন্য ২০ হাজার ২৫২ জনকে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। ভ্রমণের আনুষঙ্গিক ব্যবস্থা সম্পন্ন করতে আরো ৬ হাজার ৫৫৫ জনকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। প্রতিবেদনকালীন মোট ৭ হাজার ৯৩৪ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারীদের অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহায়তা করা, দেশটির অভ্যন্তরে তাদের পরিবহন করা, আশ্রয় দেওয়া কিংবা অন্য কোনোভাবে সহযোগিতা করলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে।

এসব অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং অপরাধে ব্যবহৃত যানবাহন ও আশ্রয় দেওয়ার কাজে ব্যবহৃত সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধান রয়েছে। পাশাপাশি অপরাধে জড়িত ব্যক্তিদের পরিচয় প্রকাশ্যে প্রকাশ করা হতে পারে।

মন্ত্রণালয় আরো জানিয়েছে, এসব অপরাধ গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত এবং এগুলোর সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হতে পারে।

সূত্র: সৌদি গেজেট

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন