যুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসব ঘিরে বিভিন্ন স্থানে বন্দুক হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৯৪ জন। ৩১ অক্টোবর রাতে দেশটির ক্যালিফোর্নিয়া থেকে ডেলাওয়্যার পর্যন্ত বিভিন্ন অঙ্গরাজ্যে এসব হামলার ঘটনা ঘটে। হামলাগুলো হয়েছে নৈশ ক্লাব, পোশাকের দোকান, স্টেডিয়ামের বাইরে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাছাকাছি এলাকায়।
পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষের বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস।
সবচেয়ে প্রাণঘাতী ঘটনাগুলোর একটি ঘটেছে টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরের ডিপ এলাম এলাকায়। ১ নভেম্বর ভোরে প্রায় ৭৫ মিনিটের মধ্যে সেখানে তিনটি পৃথক বন্দুক হামলা হয়। এতে অন্তত চারজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। হামলাগুলোর মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
হ্যালোইন যুক্তরাষ্ট্রে জনপ্রিয় একটি উৎসব। এ উপলক্ষে অনেকে বিচিত্র পোশাক পরে রাতভর আনন্দ-উৎসবে মেতে ওঠেন। উৎসবের সঙ্গে মদ্যপান ও মাদক গ্রহণের ঘটনাও ঘটে। বিশেষজ্ঞদের মতে, এসবের সঙ্গে আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতা যুক্ত হলে সহিংসতার ঝুঁকি বাড়ে। এবারের হ্যালোইনে সহিংসতার ঘটনা সাম্প্রতিক বছরগুলোর তুলনায় বেশি কি না, তা এখনো স্পষ্ট নয়। তবে আগের বিভিন্ন গবেষণায় হ্যালোইনের দিন সহিংসতা বাড়ার প্রবণতা দেখা গেছে।
নর্থইস্টার্ন ইউনিভার্সিটির অপরাধবিজ্ঞানী জেমস অ্যালান ফক্স ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত বোস্টনের এফবিআইয়ের অপরাধসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে দেখেছেন, বছরের সবচেয়ে সহিংস দিনগুলোর মধ্যে ৩১ অক্টোবরের অবস্থান তৃতীয়। এর আগে রয়েছে ৪ জুলাই ও ১ জানুয়ারি। অপ্রাপ্তবয়স্কদের জন্য দিনটি বছরের সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।
রোববার এক সাক্ষাৎকারে ফক্স বলেন, ‘তারা সন্ধ্যার সময় বাইরে থাকে, অপরিচিত মানুষের সঙ্গে মেলামেশা করে।’
শিশু ও তরুণেরাও হামলার শিকার
ডেট্রয়েটে হ্যালোইনের পোশাক পরা পাঁচ বছর বয়সি এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। রাতভর ট্রিক-অর-ট্রিটিং শেষে বাড়ি ফিরে সে ঘরের পেছনের কক্ষে খেলছিল। এ সময় একটি গুলি তার বুকে লাগে। ডেট্রয়েট পুলিশ বিভাগের উপপ্রধান আর্নল্ড উইলিয়ামস এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, শিশুটি মাকে বলেছিল, ‘আমার মনে হয়, আমাকে গুলি করা হয়েছে।’ শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
ফ্লোরিডার জ্যাকসনভিলে দুটি পৃথক বন্দুক হামলায় ১৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুজন নিহত হয়েছেন। রোববার রাত প্রায় ১টা ৪০ মিনিটে হ্যালোইন পার্টিতে যোগ দিতে লাইনে অপেক্ষা করার সময় ১৭ বছর বয়সি এক কিশোরী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এ ঘটনায় আহত আরো দুজনও হামলাকারীর লক্ষ্যবস্তু ছিলেন না বলে জানিয়েছে জ্যাকসনভিল পুলিশ বিভাগ।
শহরটির অন্য একটি স্থানে রোববার ভোর প্রায় ৩টা ৪৫ মিনিটে শতাধিক মানুষের অংশ নেওয়া একটি বাড়ির পার্টি রাস্তায় ছড়িয়ে পড়ে। এ সময় গুলিতে ১০ জন আহত হন। তাদের মধ্যে ২০ বছর বয়সি এক তরুণ নিহত হয়েছেন। আহত ১৫ বছর বয়সি এক কিশোরীর অবস্থা স্থিতিশীল। অন্য একজনের অবস্থা আশঙ্কাজনক।
মিসিসিপি অঙ্গরাজ্যের জ্যাকসন শহরের একটি নৈশ ক্লাবেও বন্দুক হামলা হয়েছে। এতে দুজন নিহত এবং চারজন আহত হয়েছেন।
উত্তর ক্যালিফোর্নিয়ার একটি পোশাকের দোকানে হামলাকারীর গুলিতে চার সন্তানের জননী এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই কিশোরের অবস্থা আশঙ্কাজনক।
ওকলাহোমা সিটির একটি ট্রেলার পার্কে হ্যালোইন পার্টি চলার সময় গোলযোগের খবর পেয়ে সেখানে যায় পুলিশ। এ সময় এক ব্যক্তি পায়ে একাধিক গুলিবিদ্ধ হন। তিনি বেঁচে যাবেন বলে আশা করছে পুলিশ। ঘটনাস্থলে থাকা আরো দুজন গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে, তা এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে ওকলাহোমা সিটি পুলিশ বিভাগ।
বিশ্ববিদ্যালয় এলাকায়ও গুলির ঘটনা
হ্যালোইন উৎসবের সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশপাশে বা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ২৪-এর বেশি মানুষ গুলিবিদ্ধ হয়েছেন।
আলাবামা অঙ্গরাজ্যের বার্মিংহামে লিজিয়ন ফিল্ড স্টেডিয়ামের বাইরে গুলিতে একজন নিহত এবং আটজন আহত হয়েছেন। ওই দিন স্টেডিয়ামে আলাবামা এঅ্যান্ডএম ও আলাবামা স্টেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। ‘ম্যাজিক সিটি ক্ল্যাসিক’ নামে পরিচিত এই ম্যাচ ঘিরে সেখানে দর্শকদের সমাগম হয়েছিল।
ইলিনয় অঙ্গরাজ্যের ব্লুমিংটনে ইলিনয় ওয়েসলিয়ান ইউনিভার্সিটির ক্যাম্পাসের কাছে গুলিতে আহত আটজনকে সহায়তা করেন পুলিশ কর্মকর্তারা। তাদের মধ্যে ১৯ বছর বয়নি এক তরুণী ঘটনাস্থলেই মারা যান। বাকি সাতজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ব্লুমিংটন পুলিশ বিভাগ।
ইলিনয়ে পুলিশ যখন ওই ঘটনায় কাজ করছিল, তখন প্রায় ২০০ মাইল দক্ষিণ-পূর্বে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ব্লুমিংটন শহরে ইন্ডিয়ানা ইউনিভার্সিটির ক্যাম্পাসের কাছে গুলির শব্দ শোনেন স্থানীয় পুলিশ কর্মকর্তারা। সেখানে হ্যালোইনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের হোমকামিং উৎসবও চলছিল। শহরের কেন্দ্রীয় এলাকায় গুলিতে আহত একাধিক ব্যক্তিকে পাওয়া যায় বলে এক বিবৃতিতে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় সাতজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। আগ্নেয়াস্ত্র প্রকাশ্যে নিয়ে ঘটনাস্থল থেকে পালানোর সময় এক ব্যক্তিকে আটক করেন পুলিশ কর্মকর্তারা। তবে ওই ব্যক্তি গুলি চালিয়েছিলেন কি না, তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।
সহিংসতা ঠেকানো কঠিন, বলছেন বিশেষজ্ঞরা
হ্যালোইনে সহিংসতার ঝুঁকি থাকলেও এ ধরনের ঘটনা ঠেকানো কঠিন বলে মনে করেন আগ্নেয়াস্ত্রজনিত সহিংসতা নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা।
মিয়ামি বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞানী এবং বাইডেন প্রশাসনের সময় বিচার বিভাগের ব্যুরো অব জাস্টিস স্ট্যাটিস্টিকসের সাবেক পরিচালক অ্যালেক্সিস পিকুয়েরো বলেন, ‘পুলিশ প্রতিটি পানশালার ভেতরে থাকতে পারে না। প্রতিটি গাড়ি রাখার জায়গায়ও থাকতে পারে না।’
ডালাসের ডিপ এলাম এলাকায় একের পর এক হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পুলিশপ্রধান ড্যানিয়েল কোমো। রোববার সংবাদ সম্মেলনে তিনি বলেন, শনিবার রাত এবং হ্যালোইন উপলক্ষে পুলিশ সদস্যদের যথাযথভাবে দায়িত্বে রাখা হয়েছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, ডিপ এলাম এলাকার রাস্তায় মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড়াচ্ছেন। এলাকাটিতে বেশ কয়েকটি পানশালা, রেস্তোরাঁ ও কনসার্টের স্থান রয়েছে। সাম্প্রতিক সময়ে অপরাধের ঘটনা বেড়ে যাওয়ায় এলাকাটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ বছর সেখানে দীর্ঘদিনের কয়েকটি প্রতিষ্ঠানসহ অন্তত সাতটি পানশালা ও রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে।
রোববার সকাল নাগাদ পুলিশের ঘেরাওয়ের কারণে এলাকার কিছু অংশ ফাঁকা হয়ে যায়। রাস্তায় ছড়িয়ে ছিল উৎসবের আবর্জনা। ডালাসের পুলিশপ্রধান কোমো বলেন, ‘এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

