গাজায় ইসরাইলি হামলায় ১৯ জন নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে তুরস্ক। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গাজায় ইসরাইলের সাম্প্রতিক হামলা আবারও প্রমাণ করেছে যে, ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি স্থাপনের বিষয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের কোনো আগ্রহ নেই।
বিবৃতিতে বলা হয়, ‘নেতানিয়াহুর একমাত্র লক্ষ্য ফিলিস্তিনিদের তাদের নিজ ভূমি থেকে উচ্ছেদ করা এবং অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা ঠেকিয়ে রাখা।’
বিবৃতিতে আরো বলা হয়, নেতানিয়াহু এমন সব পদক্ষেপ নেওয়া অব্যাহত রেখেছেন, যা মধ্যপ্রাচ্যের নাজুক আঞ্চলিক ভারসাম্যকে ক্ষতিগ্রস্ত করছে এবং বিশেষ করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলমান মধ্যস্থতা প্রচেষ্টাকে ব্যাহত করছে।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, ‘নেতানিয়াহুর সম্প্রসারণবাদী ও সামরিক নীতির বিরুদ্ধে আরো দৃঢ়, ধারাবাহিক ও কার্যকর অবস্থান নেওয়া এখন সময়ের দাবি।’ একই সঙ্গে মানবিক মূল্যবোধ রক্ষায় সক্রিয় ভূমিকা পালনের আহ্বানও জানানো হয়েছে।
এদিকে, বোর্ড অব পিসের প্রধান দূত নিকোলাই ম্লাদেনভ জানান, গত দুই দিনে গাজাজুড়ে ইসরাইলি হামলায় বেসামরিক মানুষের প্রাণহানি ঘটেছে এবং জরুরি চিকিৎসাসামগ্রীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, রোববার ইসরাইলি হামলায় অন্তত ১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরো কয়েকজন।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


