ড্রোন হামলার শিকার হওয়ার পর মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহত্তম তেল স্থাপনা সংযুক্ত আরব আমিরাতের ‘ফুজাইরা’ বন্দরে পুনরায় কার্যক্রম শুরু হয়েছে। শনিবার এই হামলার পর সাময়িকভাবে সেখানে কার্যক্রম ব্যাহত হয়েছিল।
শনিবার ফুজাইরা বন্দরে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফুজাইরা কর্তৃপক্ষ জানিয়েছে, একটি ড্রোন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে ভূপাতিত করার পর এর ধ্বংসাবশেষ নিচে পড়লে সেখানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
সংবাদ সংস্থা ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে যে বন্দরে তেল লোড করার কার্যক্রম এখন স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।
কৌশলগতভাবে এই ফুজাইরা বন্দরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি হরমুজ প্রণালী থেকে মাত্র ৭০ মাইল দূরে অবস্থিত। বর্তমানে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল কার্যত বন্ধ থাকায় বিকল্প হিসেবে জাহাজগুলো এই বন্দরটি ব্যবহার করছে। এর ফলে জাহাজগুলোকে ঝুঁকিপূর্ণ ওই নৌপথ ব্যবহার না করেই জ্বালানি সংগ্রহ করার সুযোগ দিচ্ছে এই বন্দরটি।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে জ্বালানি সরবরাহের প্রধান কেন্দ্রগুলোতে এ ধরনের হামলা বিশ্ববাজারে তেলের সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে দ্রুত কার্যক্রম শুরু হওয়ায় সেই উদ্বেগ কিছুটা প্রশমিত হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

