ঐক্য সরকার গঠনে নেতানিয়াহুকে ২৪ ঘণ্টার সময়সীমা দিলেন আইজেনকোট

ঐক্য সরকার গঠনে নেতানিয়াহুকে ২৪ ঘণ্টার সময়সীমা দিলেন আইজেনকোট
আইজেনকোট ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

ইসরাইলের বিরোধী নেতা গাদি আইজেনকোট বলেছেন, জাতীয় ঐক্য সরকার গঠনের বিষয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কতটা আন্তরিক, তা যাচাই করতে তিনি আগামী ২৪ ঘণ্টা সময় দিতে প্রস্তুত।

শনিবার সন্ধ্যায় সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে আইজেনকোট নেতানিয়াহুর আগের এক ঘোষণার জবাবে এ কথা বলেন। এর আগে পালাক্রমে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন নেতানিয়াহু। প্রস্তাব অনুযায়ী, প্রথম দুই বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন আইজেনকোট, পরের দুই বছর নেতানিয়াহু।

বিজ্ঞাপন

আইজেনকোট শনিবার রাত থেকেই প্রকৃত অর্থে আন্তরিক ও দ্রুতগতির আলোচনা শুরুর জন্য নেতানিয়াহুর লিকুদ পার্টির আলোচক দলকে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সরকারের মূলনীতি ও গুরুত্বপূর্ণ নীতিগত বিষয়গুলোকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখতে হবে।

আইজেনকোট জানান, নীতিগত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে একটি বিস্তারিত প্রস্তাব নেতানিয়াহুর কাছে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত তিনি এ বিষয়ে কোনো জবাব পাননি।

তিনি বলেন, ‘প্রায় তিন সপ্তাহ ধরে আমরা প্রকৃত, আন্তরিক ও দ্রুতগতির আলোচনা শুরুর প্রস্তাব দিয়ে আসছি। কিন্তু বারবার প্রত্যাখ্যান ও টালবাহানার মুখে পড়তে হয়েছে।’

ঐক্য সরকার গঠনের পথ সুগম করতে রাজনৈতিক ছাড় দিতেও তিনি প্রস্তুত বলে জানান আইজেনকোট। তার মতে, ইসরাইলের জাতীয় নিরাপত্তার অন্যতম মৌলিক ভিত্তি হলো দেশটির জনগণের মধ্যে সংহতি ও ঐক্য।

এর আগে শনিবার সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, বৃহত্তম রাজনৈতিক দলের নেতাই সরকারপ্রধান হবেন—এ নীতি থেকে সরে আসতেও তিনি প্রস্তুত। নির্বাচনে তার দল লিকুদ, আইজেনকোটের ইয়াশার পার্টির তুলনায় প্রায় আড়াই লাখ বেশি ভোট পেয়েছে।

নেতানিয়াহু জাতীয় ঐক্য সরকার গঠনে দ্রুত আলোচনা শুরুর আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, এ ক্ষেত্রে অপর পক্ষকেও একই ধরনের রাজনৈতিক ছাড় দিতে হবে। এছাড়া সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতায় পৌঁছাতে হবে।

সূত্র: গালফ নিউজ

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...