জিম্মি মুক্তির পরই ইসরাইলি হামলায় সাংবাদিক নিহত

জিম্মি মুক্তির পরই ইসরাইলি হামলায় সাংবাদিক নিহত

গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস যোদ্ধাদের হাতে আটক থাকা ইসরাইলি-আমেরিকান জিম্মি ইদেন আলেকজান্ডারকে মুক্তির পরপরই অবরুদ্ধ উপত্যকাটির এক হাসপাতালে হামলা করেছে ইসরাইলের সামরিক বাহিনী। মঙ্গলবার সকালে দক্ষিণ গাজার খান ইউনুসের নাসের মেডিকেল কমপ্লেক্স নামের ওই হাসপাতালে বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে ফিলিস্তিনি সাংবাদিক হাসান ইসলায়িহসহ দুজন নিহত হয়েছেন।

গাজার সরকারি মিডিয়া দপ্তর জানায়, গত ৭ এপ্রিল নাসের হাসপাতালের কাছেই সাংবাদিকদের তাঁবুতে ইসরাইলি বিমান হামলায় আহত হয়ে হাসপাতালটির বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন হাসান ইসলায়িহ।

বিজ্ঞাপন

আবু গালি নামের হাসপাতালের এক কর্মী জানান, কোনো ধরনের বাছবিচার ছাড়াই ইসরাইলিরা বোমা হামলা চালিয়ে আসছে। হাসপাতালে যেখানে ২৪ ঘণ্টা রোগীদের চিকিৎসা চলছে, তাকেও লক্ষ্যবস্তু করতে ছাড়েনি তারা।

হাসান ইসলায়িহ একজন ফ্রিল্যান্স ফটোসাংবাদিক। গাজা থেকে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তিনি ছবি দিতেন। তবে ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়, হাসান হামাসের সক্রিয় যোদ্ধা, যিনি ইসরাইলের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করছেন।

হাসান ইসলায়িহ নিহতের ঘটনায় ১৯ মাসের আগ্রাসনে গাজায় সাংবাদিক নিহতের সংখ্যা ২১৫ জনে দাঁড়িয়েছে জানায় গাজার মিডিয়া দপ্তর।

এর আগে সোমবার ২১ বছর বয়সি ইসরাইলি-আমেরিকান জিম্মি ইদেন আলেকজান্ডারকে মুক্তি দেয় হামাস যোদ্ধারা। ২০২৩ সালের ৭ অক্টোবর তাকে সামরিক দায়িত্ব পালনরত অবস্থা থেকে বন্দি করে নিয়ে আসে স্বাধীনতাকামী যোদ্ধারা।

এদিকে মঙ্গলবার ভোর থেকে স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা পর্যন্ত ইসরাইলি হামলায় ১৪ জন নিহতের তথ্য দিয়েছে আলজাজিরা।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মঙ্গলবারের নিয়মিত বিবৃতিতে বলা হয়েছে, গাজায় ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় নতুন করে ৩১ জন নিহত হয়েছেন। এ ছাড়া আগে নিহত হওয়া ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন আরো ৭৩ জন। সব মিলিয়ে ১৯ মাসের আগ্রাসনে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ হাজার ৯০৮ এবং আহতের সংখ্যা এক লাখ ১৯ হাজার ৭২১।

এরই মধ্যে হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য যেকোনো সময় আলোচনায় প্রস্তুত রয়েছে তারা।

সোমবার এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ‘স্থায়ী যুদ্ধবিরতির জন্য সামগ্রিক চুক্তিতে পৌঁছাতে যেকোনো সময় আলোচনার জন্য হামাস তৈরি রয়েছে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন