পাক-ভারত যুদ্ধে ৭টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে: ট্রাম্প

পাক-ভারত যুদ্ধে ৭টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গত মে মাসে পাকিস্তান-ভারত যুদ্ধের সময় সাতটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছিল। সেইসঙ্গে পাকিস্তান ও ভারতের মধ্যে সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ প্রতিরোধে তার ভূমিকার কথাও তুলে ধরেছেন তিনি। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।

স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউজে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, দক্ষিণ এশিয়ার পরিস্থিতি তখন ‘উত্তাল’ ছিল। তবে সাতটি যুদ্ধবিমান ভারত-পাকিস্তান কোন দেশের, সে বিষয়ে তিনি কোনো তথ্য দেননি।

বিজ্ঞাপন

ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘ভারত ও পাকিস্তানের যুদ্ধটা পারমাণবিক যুদ্ধের দিকে যাচ্ছিল। এরই মধ্যে সাতটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত হয়েছিল ‘

তিনি আরো বলেন, ‘আমি বলেছিলাম, তোমরা কি বাণিজ্য করতে চাও? লড়াই চালালে আমরা কোনো বাণিজ্য করব না। তোমাদের ২৪ ঘণ্টা সময় আছে, মীমাংসা করো। এরপর তারা বলল, এখন আর যুদ্ধ চলছে না।’

ট্রাম্পের দাবি, শুল্ক ও বাণিজ্য চাপ প্রয়োগের মাধ্যমেই তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেরেছিলেন। তার ভাষায়, ‘আমার হাতে শুল্ক ও বাণিজ্যের হাতিয়ার ছিল। আমি বলেছিলাম, ‘তোমরা যদি লড়াই চালিয়ে যেতে চাও, সবাইকে মেরে ফেলতে চাও, সেটা তোমাদের ব্যাপার। কিন্তু তখন আমি তোমাদের প্রত্যেকের ওপর শতভাগ শুল্ক বসাব। এরপরই সবাই পিছু হটে যায়।’

মার্কিন প্রেসিডেন্ট বারবার দাবি করেছেন, তিনি ১০ মের যুদ্ধবিরতি করিয়েছেন, যা ওয়াশিংটন ‘এক দীর্ঘ রাতের’ আলোচনার পর ঘোষণা করেছিল। এরপর থেকে তিনি ডজনখানেকবার বলেছেন যে তিনি ‘উত্তেজনা প্রশমনে সাহায্য করেছেন।’

গত জুনে এক ভারতীয় প্রতিরক্ষা কর্মকর্তা স্বীকার করেন, ৭ মে রাতে পাকিস্তানে বেসামরিক স্থাপনায় হামলা চালানোর পর ভারতীয় বিমানবাহিনীর ‘কিছু বিমান হারাতে হয়েছে’। ইন্দোনেশিয়ায় এক সেমিনারে এ স্বীকারোক্তি দেন ভারতের প্রতিরক্ষা অ্যাটাশে ক্যাপ্টেন শিব কুমার। ভারতীয় গণমাধ্যম এ খবর প্রকাশ করে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন