ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক দিনেই ঝরে পড়ল ৫ প্রাণ। শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল ফ্লাইওভার এলাকা ও ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জে এ পৃথক দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত সবার পরিচয় শনাক্ত না হলেও পুলিশ প্রযুক্তির ব্যবহার করে রাতে তাদের পরিচয় প্রকাশ করে।
জেলার ফাজিলপুর হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৭টার দিকে জেলার ছাগলনাইয়া উপজেলার দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি কাভার্ডভ্যানকে একটি লং ভেহিক্যাল বেঁধে সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন চালক ও হেলপার। এসময় ইউনিক পরিবহনের একটি বাস কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এ ঘটনায় চালক ও হেলপারসহ ৪ জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসক কাভার্ডভ্যানের চালক, হেলপার ও ইউনিক বাসের চালককে মৃত ঘোষণা করেন। আহত লং ভেহিক্যালের চালককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়।
নিহতরা হলেন চট্টগ্রামের বোট বাজার মইজ্জারটেক এলাকার মৃত সফর আলীর ছেলে কাভার্ডভ্যান চালক আব্দুর রহিম (৫০), কেরানীগঞ্জের পারগেন্ডারিয়া এলাকার সফি মিয়ার ছেলে বাসচালক আবুল হোসেন (৬২), ঝিনাইদহের শৈলকূপা উপজেলার গোসাইলডাঙ্গা গ্রামের খাইবার মন্ডলের ছেলে ইউনিক বাসের হেলপার শামীম (৫৫) এবং ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের জয়পুর গ্রামের বাসিন্দা লরিচালক মো. হোসেন (২৮)।
ফাজিলপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু নোমান সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত বাস, কাভার্ডভ্যান ও লং ভেহিক্যাল পুলিশ হেফাজতে রয়েছে।
অন্যদিকে, সকাল ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল এলাকায় একটি বাসের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় তাবারক আলী ফটিক (৫৬) নামের এক যাত্রীর মৃত্যু হয়। নিহত ফটিক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জয়নন্দীপুর এলাকার আবদুল হাকিমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, পাতা পরিবহনের বাসটি পালিয়ে গেছে। এ ঘটনায় কাভার্ডভ্যানটি পুলিশ হেফাজতে রয়েছে।
এম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

