সুনামগঞ্জে বাংলাদেশ মাদরাসা শিক্ষক কর্মচারী ফোরামের উদ্যোগে জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়।
আক্তাপাড়া জামেয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মো. ময়নুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান এবং জেলা শাখার সাধারণ সম্পাদক সালেহ আহমদ।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মাদরাসা শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় সভাপতি ও ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী ট্রাস্ট’-এর সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদরাসা শিক্ষকদের দীর্ঘদিনের ন্যায্য দাবিগুলো দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে। বিশেষ করে নতুন পে-স্কেল কার্যকর করার পাশাপাশি হাওরাঞ্চলে প্রতিকূল পরিবেশে কর্মরত শিক্ষকদের জন্য অনতিবিলম্বে ‘হাওর ভাতা’ চালু করা জরুরি।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন মাদরাসা শিক্ষক কর্মচারী ফোরামের মহাসচিব অধ্যক্ষ মো. আলাউদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি অধ্যক্ষ আফজাল হোসেন তালুকদার।
এছাড়া আমন্ত্রিত অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি আলী আক্কাছ মোল্লা, শেরপুর জেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ জামাল উদ্দিন, সিলেট জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. আব্দুল হাই, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কামরুজ্জামান চৌধুরী এবং মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক ওহীদুজ্জামান চৌধুরীসহ বিভিন্ন জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

