তারেক রহমান যেন আরেকটি হাসিনা না হন: মামুনুল হক

তারেক রহমান যেন আরেকটি হাসিনা না হন: মামুনুল হক

আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে দেশে আলেম-ওলামাদের কোনো সভা-সমাবেশ করতে দেওয়া হয়নি এবং মিথ্যা মামলা দিয়ে তাদের ওপর নির্মম নির্যাতন চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক। তিনি বলেন, পুলিশ বাহিনীর কাজ জনগণের সেবা ও আইনশৃঙ্খলা রক্ষা করা; কিন্তু বিগত সরকার নিজেদের দলীয় স্বার্থে তাদের ব্যবহার করে ‘লীগ বাহিনী’তে পরিণত করেছিল। বর্তমান সরকারকে হুশিয়ারি দিয়ে বলতে চাই, প্রধানমন্ত্রী তারেক রহমান যেন এমন কোনো পথে পা বাড়িয়ে আরেকটি শেখ হাসিনা তৈরি না হন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে লামা পৌর বাস টার্মিনালে বাংলাদেশ খেলাফত মজলিসের বান্দরবান দক্ষিণ জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আল্লামা মামুনুল হক আরো বলেন, এক মা দুই সন্তান জন্ম দিলেন, এর মধ্যে এক সন্তান বৈধ হলে আরেকজন কীভাবে অবৈধ হয়? ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে গণভোটে ৭০ শতাংশ ভোট পেয়ে জয়যুক্ত হওয়ার পরও বর্তমান সরকার গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে নানা টালবাহানা শুরু করেছে। কোনো তালবাহানা না করে দ্রুত গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন করুন।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশে তেল, বিদ্যুৎ ও সারের সংকট চরম আকার ধারণ করেছে। অথচ সরকারের দায়িত্বশীল মন্ত্রীরা সংসদে বসে বুক ফুলিয়ে বলছেন যে দেশে কোনো ঘাটতির নেই। অথচ বাস্তবে মাঠপর্যায়ে কৃষকরা সার পাচ্ছেন না, আর বিদ্যুৎ ও গ্যাস সংকটে জনজীবন পুরোপুরি বিপর্যস্ত।

বান্দরবান দক্ষিণ জেলা খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ তৈয়ব হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান আলোচকের বক্তব্য দেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। দলের কেন্দ্রীয় শূরা সদস্য ও জেলা সেক্রেটারি ডা. মাওলানা শফিকুর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান। এ ছাড়া ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় উলামায়ে কেরাম সমাবেশে অংশ নেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন