ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া ও যুদ্ধ বন্ধে তেহরানের দেওয়া সাত দিনের রোডম্যাপ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়া তারা দেখেছেন। তবে মধ্যস্থতাকারীদের মাধ্যমে এখনো যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক জবাব পায়নি ইরান।
শনিবার ট্রাম্প তেহরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বলে জানান। তিনি দাবি করেন, ইরান চুক্তি করতে চাইছে, কারণ ‘তারা মারা যাচ্ছে— তাদের টাকা আসছে না’।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আরাগচি জানিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক অবস্থান পাওয়ার অপেক্ষায় রয়েছে তেহরান।
তিনি বলেন, ‘আমাদের শর্তগুলো স্পষ্ট। হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার যেকোনো পদক্ষেপ এসব শর্ত পূরণের ওপর নির্ভরশীল।’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘শুধু আলোচনার মাধ্যমে সমাধানই তাদের (যুক্তরাষ্ট্রকে) এই অচলাবস্থা থেকে বের করে আনতে পারে। এটাই আমাদের অবস্থান।’
তেহরানের প্রস্তাব অনুযায়ী, সাত দিনের একটি রোডম্যাপের মাধ্যমে যুদ্ধের অবসান এবং হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়ে আলোচনা চলছে। তবে প্রস্তাবটি নিয়ে ওয়াশিংটনের আনুষ্ঠানিক অবস্থান এখনো মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের কাছে পৌঁছায়নি বলে জানিয়েছেন আরাগচি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


