রাশিয়ার একজন শীর্ষ আইনপ্রণেতা দাবি করেছেন যে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র সামরিকভাবে “স্পষ্টতই অপ্রস্তুত” ছিল এবং দ্রুত সামরিক শক্তি ব্যবহার করে ফল অর্জনের ধারণা ছিল ভ্রান্ত।
রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের তথ্যনীতি কমিশনের চেয়ারম্যান আলেক্সেই পুশকভ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্র ভুলভাবে বিশ্বাস করেছিল যে সীমিত সামরিক হামলার মাধ্যমে দ্রুত কৌশলগত সাফল্য অর্জন করা সম্ভব।
তিনি আরও দাবি করেন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা এই ধারণাকে প্রভাবিত করতে পারে। তার মতে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে পদক্ষেপ এবং দেশটির তুলনামূলক দুর্বল প্রতিক্রিয়া দেখে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেছিলেন যে “নির্ভুল সার্জিক্যাল সামরিক অভিযান” বিদেশি সরকারকে চাপ দেওয়ার কার্যকর উপায়।
পুশকভ বলেন, “এরপর ট্রাম্প সম্ভবত মনে করেছিলেন, একই ধরনের কৌশল ইরানেও প্রয়োগ করা যেতে পারে।”
অন্যদিকে, তিনি দাবি করেন যে ইরান দীর্ঘদিন ধরে সম্ভাব্য সংঘাতের জন্য প্রস্তুতি নিয়েছে। দেশটি তাদের অধিকাংশ ক্ষেপণাস্ত্র স্থাপনা ভূগর্ভে সরিয়ে নিয়েছে, যা আক্রমণ করা অত্যন্ত কঠিন। পাশাপাশি তারা হাজার হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোনের শক্তিশালী ভাণ্ডার তৈরি করেছে।
পুশকভের ভাষায়, “ইরান বহুদিন ধরে সামরিক, অর্থনৈতিক এবং অস্তিত্বগত দিক থেকে নিজেদের প্রস্তুত করেছে।”
বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে এবং বিভিন্ন সময়ে সামরিক ও কূটনৈতিক টানাপোড়েন পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
তথ্যসূত্র: আল জাজিরা
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

