সন্দ্বীপে তরুণদের স্বেচ্ছাশ্রমে সচল নিরাপদ নৌযাতায়াত

সন্দ্বীপে তরুণদের স্বেচ্ছাশ্রমে সচল নিরাপদ নৌযাতায়াত

জোয়ার-ভাটার ওপর নির্ভরশীল চট্টগ্রামের সন্দ্বীপ নৌপথে কখন নৌযান ছাড়বে আর কখন বন্ধ থাকবে, তা জানার কোনো দাপ্তরিক বা আনুষ্ঠানিক উপায় নেই। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) যাত্রী পরিবহনের দায়িত্বে থাকলেও সময়সূচি জানানোর কোনো উদ্যোগ তাদের নেই। তথ্যের এই ঘাটতির কারণে যাত্রীরা সময়মতো ঘাটে পৌঁছাতে পারেন না এবং অনেক সময় জাহাজও খালি ফিরে যায়।

বিজ্ঞাপন

আর এই সুযোগ কাজে লাগায় মুনাফালোভী একটি অসাধু চক্র। বিআইডব্লিউটিসির কতিপয় কর্মকর্তার যোগসাজশে ‘যাত্রী সংকট’-এর অজুহাত দেখিয়ে সরকারি নৌযান প্রত্যাহার করা হচ্ছে বলে অভিযোগ সন্দ্বীপের অধিবাসীদের।

তবে কর্তৃপক্ষের তৈরি করা এই কৃত্রিম সংকট রুখে দিতে জন্মস্থানের প্রতি দায়বদ্ধতা থেকে এগিয়ে এসেছেন দ্বীপটির একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবী।

গুপ্তছড়া-কুমিরা ও বাঁশবাড়িয়া-গুপ্তছড়া রুটে বর্তমানে বিআইডব্লিউটিসির সি-ট্রাক ‘খিজির’ ও ফেরি ‘কপোতাক্ষ’ চলাচল করছে। কিন্তু প্রতিদিনের সময়সূচির সরকারি প্রচার না থাকায় যাত্রীদের ভোগান্তি চরম আকার ধারণ করে। তথ্যের অভাবে ঘাটে এসে সি-ট্রাক বা ফেরি না পেয়ে অনেককে ফিরে যেতে হয়, নয়তো বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল সাগরে ফিটনেসবিহীন স্পিডবোট কিংবা ট্রলারে যাতায়াত করতে হয়। ঠিক এই ‘যাত্রী না হওয়ার’ খোঁড়া যুক্তি দেখিয়েই গত অক্টোবরের শেষ সপ্তাহে সন্দ্বীপ রুট থেকে আধুনিক সি-ট্রাক ‘এসটি নিঝুম দ্বীপ’ প্রত্যাহার করে নেওয়া হয়।

সন্দ্বীপের গাছুয়া ইউনিয়নের বাসিন্দা ও নিয়মিত যাত্রী নিয়াজ মাহমুদ ঘাটে নিজের অতীত ভোগান্তি ও বর্তমান স্বস্তির কথা জানাতে গিয়ে বলেন, আগে ঘাটে এসে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হতো। জোয়ার-ভাটার কারণে কখন জাহাজ ছাড়বে, তা ঘাট থেকে কেউ নির্দিষ্ট করে বলতে পারত না। অনেক সময় ঘাটে পৌঁছানোর আগেই জাহাজ ছেড়ে যেত। তখন বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে স্পিডবোটে উঠতে হতো। কিন্তু এখন আর সেই ভোগান্তি নেই। সন্দ্বীপের ফেসবুক পেজগুলো থেকে আগের রাতেই জাহাজের সঠিক সময়সূচি জেনে যাই। এখন শিডিউল দেখেই বাড়ি থেকে বের হতে পারি। এতে আমাদের সময় ও ভোগান্তি—দুটোই বাঁচছে।

দাপ্তরিক এই চরম গাফিলতির বিপরীতে বিকল্প তথ্যকেন্দ্র হিসেবে দাঁড়িয়েছে সন্দ্বীপভিত্তিক একাধিক ফেসবুক পেজ। সরেজমিনে দেখা যায়, জন্মস্থানের প্রতি তীব্র দায়বদ্ধতা থেকে দ্বীপের একঝাঁক তরুণ প্রতিদিন নিজ উদ্যোগে ঘাটে ছুটে যাচ্ছেন। তারা পরবর্তী দিনের ফেরি ও সি-ট্রাকের সময়সূচি সংগ্রহ করে জোয়ার-ভাটার তথ্যের সঙ্গে মিলিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছেন।

তরুণদের এই উদ্যোগের সুফলও মিলছে হাতেনাতে। মানুষ ঘরে বসেই জানতে পারছেন কখন জাহাজ ছাড়বে। ফলে নির্দিষ্ট সময়ে ঘাটে পৌঁছে যাত্রীরা নিরাপদে জাহাজে উঠছেন এবং প্রতিটি নৌযানই পর্যাপ্ত যাত্রী পাচ্ছে।

সি-ট্রাক এসটি নিঝুম দ্বীপের ক্যাপ্টেন একরামুজ্জামান জানান, এই নৌরুটে যুক্ত হওয়ার পর এসটি নিঝুম দ্বীপ রেকর্ডসংখ্যক যাত্রী পরিবহন করেছে।

ঘটনার কালানুক্রম ও দাপ্তরিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১২ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত এসটি নিঝুম দ্বীপ এই নৌরুটে সর্বমোট ৪ হাজার ৬৬২ জন যাত্রী পরিবহন করেছে। তবুও বিআইডব্লিউটিসির সেই মুখস্থ বুলি—‘যাত্রী সংকট’।

নৌযান চলাচলের সময়সূচি ও জোয়ার-ভাটার সময় প্রচারকারী একাধিক সন্দ্বীপভিত্তিক ফেসবুক পেজের অ্যাডমিনরা আক্ষেপ প্রকাশ করে বলেন, জাহাজের সময় জানানো সরকারের দায়িত্ব, অথচ সেই দায়িত্ব পালন করছি আমরা। আমাদের স্বেচ্ছাশ্রমে বিপুল পরিমাণ আর্থিক লোকসান থেকে রক্ষা পেয়েও কৃতজ্ঞতা নেই বিআইডব্লিউটিসির।

সন্দ্বীপ নৌরুটে কোনো ‘যাত্রী সংকট’ নেই; সময়সূচি না জানিয়ে বিআইডব্লিউটিসি মূলত কৃত্রিম সংকটের নাটক সাজিয়ে একটি চক্রান্তকারী চক্রের পরিকল্পনা বাস্তবায়ন করছে।

সন্দ্বীপের নিরাপদ নৌ-যাতায়াত আন্দোলনে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত খাদেমুল ইসলাম জানান, জন্মস্থানের প্রতি দায়বদ্ধতা থেকেই তরুণরা এই উদ্যোগ নিয়েছেন। নিজেদের কার্যক্রমের কথা তুলে ধরে তিনি বলেন, সন্দ্বীপের মানুষের ভোগান্তি দেখে আমরা আর চুপ থাকতে পারিনি। প্রতিদিন নিজ উদ্যোগে ঘাটে গিয়ে বা খোঁজ নিয়ে ফেরি ও সি-ট্রাকের সময়সূচি সংগ্রহ করি এবং জোয়ার-ভাটার সঙ্গে মিলিয়ে তা পেজে প্রচার করি। এখন আমাদের আপডেট দেখে প্রতিদিন নির্দিষ্ট সময়ে শত শত যাত্রী ঘাটে আসছেন।

সন্দ্বীপের নৌ-যাতায়াত ও জোয়ার-ভাটার আপডেট দেওয়া জনপ্রিয় ফেসবুক পেজ ‘ট্রাভেলার্স আইস’-এর অ্যাডমিন মাকসুদুর রহমান নিজের তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করে বলেন, বছর দুয়েক আগে ঘাটে গিয়ে জাহাজের জন্য পাঁচ ঘণ্টা বসে ছিলাম। জোয়ার-ভাটার সঠিক সময়সূচি না জানার কারণে সেদিন হাঁটু পানি মাড়িয়ে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছিল। তখনই অনুভব করি, যাত্রীদের যদি আগে থেকে সময়সূচি জানানো যায়, তবে তারা কোনো ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন। সেই তাগিদ থেকেই অনলাইনে তথ্য দেওয়া শুরু করি।

সন্দ্বীপ সংযোগ পেজের অ্যাডমিন ফছিহুল আলম বলেন, সন্দ্বীপের প্রতি দায়বদ্ধতা ও ভালোবাসা থেকেই কাজটা করছি। আমাদের উদ্দেশ্য শুধু নৌযান চলাচলের সময়সূচি জানানো নয়, বরং সন্দ্বীপের মানুষের কাছে নিরাপদ নৌযানের গুরুত্বও তুলে ধরছি আমরা।

খাদেমুল, মাকসুদ ও ফছিহুলের মতো সন্দ্বীপের আরও একঝাঁক স্বেচ্ছাসেবী তরুণ এই তথ্যের শূন্যতা পূরণে নিরলস কাজ করে যাচ্ছেন। সন্দ্বীপ টিভি, সন্দ্বীপের কণ্ঠস্বর, সন্দ্বীপ সংযোগ, চারু মিল্লাত, সন্দ্বীপ টেলিভিশন, দ্বীপের চোখ, ডিডব্লিউ সন্দ্বীপ, সন্দ্বীপ সোর্স, আরপিএল টিভি, সন্দ্বীপ ইনসাইডার, সন্দ্বীপ স্পোর্টস টিভি, আজকের সন্দ্বীপ, সন্দ্বীপ টুডে, সন্দ্বীপ টুয়েন্টি ফোর ও সন্দ্বীপ কানেকশনসহ বিভিন্ন ফেসবুক আইডি, পেজ ও গ্রুপ প্রতিদিন জোয়ার-ভাটার তথ্যের সঙ্গে মিলিয়ে ফেরি ও সি-ট্রাকের শিডিউল যাত্রীদের জানিয়ে দিচ্ছে।

এ বিষয়ে বিআইডব্লিউটিসির সহ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) কে এম এমরান বলেন, সন্দ্বীপ রুটে জাহাজের শিডিউল সম্পূর্ণ জোয়ার-ভাটার ওপর নির্ভরশীল, যা প্রতিদিন বদলায়। তাই কেন্দ্রীয় বা দাপ্তরিকভাবে আগাম সময়সূচি প্রচার করা আমাদের জন্য কঠিন হয়ে পড়ে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন