কাশিমপুর কারাগার থেকে পলাতক আসামি গ্রেপ্তার

কাশিমপুর কারাগার থেকে পলাতক আসামি গ্রেপ্তার

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের সংকটপূর্ণ পরিস্থিতিতে কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবু মোকারমকে (৪৪) গ্রেপ্তার করেছে এসআরবি-১১।

বিজ্ঞাপন

বুধবার দুপুরে সিদ্ধিরগঞ্জে এসংক্রান্ত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ।

এর আগে বুধবার রাত আটটার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন মেঘনা টোল প্লাজা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে এসআরবি-১১। তার বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ থানাধীন উত্তর বরকল গ্রামে। তার বাবার নাম আবু তালেব।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পরদিন ৬ আগস্ট সকালে কারাবন্দীরা সংঘবদ্ধ হয়ে দাঙ্গা-হাঙ্গামা ও অগ্নিসংযোগ শুরু করে। একপর্যায়ে বন্দীরা কারারক্ষীদের জিম্মি করে এবং বৈদ্যুতিক পিলার ভেঙে তৈরি মই দিয়ে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যায়। পলায়নকারী আসামিদের মধ্যে আবু মোকারমও ছিলেন। এ ঘটনায় জেল কর্তৃপক্ষ বাদী হয়ে গাজীপুরের কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছিল।

এসআরবি আরো জানায়, পারিবারিক শত্রুতার জেরে আসামি আবু মোকারম ও অন্যান্য সহযোগীরা মিলে তার বোনের চাচি শাশুড়িকে হত্যা করে বাড়ির পাশের ধানখেতে ফেলে রেখেছিল। ওই হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়ে ২০১৩ সালের ৯ জুলাই থেকে তিনি গাজীপুরের কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন