ন্যাটো শীর্ষ সম্মেলন চলাকালে তুরস্কে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার সুনির্দিষ্ট হুমকির মুখে পড়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানি হুমকির কারণে তখন চরম নিরাপত্তায় ভুগেছিলেন ট্রাম্প যে কারণে এয়ার ফোর্স ওয়ান বিমানের বদলে তুরস্ক থেকে তাকে বিকল্প কৌশলে বের করে আনা হয়েছিল। মার্কিন কর্মকর্তারা জানান, ন্যাটোতে থাকা অবস্থায় ট্রাম্পের গতিবিধি সম্পর্কে পুরোপুরিভাবে অবগত ছিল ইরান।
মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানি হুমকি ও গোয়েন্দা তথ্য
নাম প্রকাশে অনিচ্ছুক দুজন মার্কিন কর্মকর্তার মতে, মার্কিন গোয়েন্দা সংস্থা একাধিক সূত্র থেকে তথ্য সংগ্রহ করেছিল এবং তারা নিশ্চিত হয়েছিল যে, এয়ার ফোর্স ওয়ানের বিরুদ্ধে ইরানের হুমকি বাস্তবসম্মত ছিল। অর্থাৎ ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের মাধ্যমে প্রেসিডেন্টকে বহনকারী এয়ার ফোর্স ওয়ানের ওপর হামলা হতে পারে। এছাড়া ন্যাটো শীর্ষ সম্মেলনের কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রসহ একজনকে দেখা গিয়েছিল।
মার্কিন কর্মকর্তারা জানান, ইরানিরা সুনির্দিষ্টভাবে জানত ট্রাম্প আঙ্কারায় কোথায় থাকছেন, এমনকি ভবনের কোন তলায়।
ক্যাটারিং কনটেইনারে পালানো
তথ্যটিকে এতটাই বিশ্বাসযোগ্য বলে মনে করেছিলেন মার্কিন কর্মকর্তারা যে তারা ট্রাম্পকে সম্মেলন থেকে ফেরানোর জন্য মরিয়া হয়ে উঠেন। তারা একটি বিকল্প কৌশল অবলম্বন করেন। ক্যামেরার সামনেই তিনি পুরোনো এয়ার ফোর্স ওয়ানে চড়েন, ইতোমধ্যে ট্রাম্প ঘোষণা করেছিলেন যে ‘পুরোনো দিনের কথা ভেবে’ ওই এয়ার ফোর্স ওয়ানে উঠবেন। এরপর তিনি বিমানবন্দরের একটি ক্যাটারিং কন্টেইনারে লুকিয়ে বেরিয়ে যান এবং একটি সামরিক বিমানে করে দেশ ত্যাগ করেন।
ইরান ও ট্রাম্পের নিরাপত্তা
অতীতেও ট্রাম্প ইরানের হুমকির ও ষড়যন্ত্রের লক্ষ্যবস্তু হয়েছেন। ২০২৪ সালে পেনসিলভেনিয়ার বাটলার-এ নির্বাচনী প্রচারণার সময় এক আততায়ীর গুলি তার গা ঘেঁষে যায় এবং সেই বছরের শেষের দিকে ফ্লোরিডায় তার গলফ কোর্সে আরেকজন সশস্ত্র ব্যক্তি তাকে লক্ষ্যবস্তু বানায়। এই দুটি হত্যাচেষ্টার সঙ্গে ইরানের হুমকির কোনো সম্পর্ক ছিল না।
এ ছাড়া বাইডেন প্রশাসনের সময় ট্রাম্পকে হত্যার জন্য ভাড়াটে খুনি নিয়োগের একটি ষড়যন্ত্রের ঘটনায় এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়। মার্কিন কর্তৃপক্ষের অভিযোগ ছিল, ইরানিরা একটি প্রক্সি বাহিনী ব্যবহার করে ওই ষড়যন্ত্র পরিচালনা করেছিল।
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


