বিয়ের ছয় মাসেই গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

বিয়ের ছয় মাসেই গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

চট্টগ্রামের ফটিকছড়িতে শ্বাসরোধ করে সামিহা হাকিম নিহা (১৯) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, শ্বশুরবাড়ির লোকজন তাকে শ্বাসরোধে হত্যা করেছে। বিয়ের মাত্র ছয় মাসের মাথায় এই রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ফটিকছড়ি পৌরসভার দক্ষিণ রাঙ্গামাটিয়া গ্রামের রাজু সোলতান বাড়ির প্রবাসী লোকমান হাকিমের মেয়ে সামিহা হাকিম নিহার সঙ্গে একই উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কান্দিরপাড় এলাকার মো. মারুফ পারভেজের ছয় মাস আগে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই পরকীয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে একে অপরের প্রতি সন্দেহ তৈরি হয়। এ নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো।

মঙ্গলবার রাতে নিহার স্বামী মারুফ পারভেজ নিহার বাবার বাড়িতে ফোন করে জানান যে নিহা অসুস্থ হয়ে পড়েছেন এবং তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। পরে মারুফ ও তার স্বজনেরা নিহাকে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরপরই নিহার লাশ হাসপাতালে রেখেই স্বামী মারুফসহ তার পরিজনরা পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নিহার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহতের মা রূপা আকতার অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকেই মেয়েকে নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। জামাই মারুফ পারভেজ একাধিকবার আমার মেয়েকে মারধর করেছে। এ নিয়ে বারবার সতর্ক করা হলেও নির্যাতন থামেনি। শেষ পর্যন্ত মেয়েকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করে এখন ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান জানান, গৃহবধূর মৃত্যুর ঘটনায় তার মা রূপা আকতার বাদী হয়ে নিহার স্বামী মারুফ পারভেজসহ দুজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩–৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। বুধবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন