৫ দফা দাবিতে চা শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ

৫ দফা দাবিতে চা শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ

মৌলভীবাজারের বড়লেখায় দৈনিক মজুরি ৫০০ টাকা কার্যকরসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন চা শ্রমিকেরা।

বিজ্ঞাপন

রোববার উপজেলার দক্ষিণগুল চা-বাগানের চা শ্রমিক, ছাত্র ও যুবকদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত শ্রমিক কাজ বন্ধ রেখে এতে অংশ নেন। পরে তারা কাজে ফিরে যান।

শ্রমিকরা একই সঙ্গে শ্রম অধিদপ্তরের হস্তক্ষেপ ছাড়া বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, শ্রমিকদের ভূমির অধিকার নিশ্চিত করা এবং ৫ শতাংশ ইনক্রিমেন্ট প্রত্যাহারের দাবিও জানিয়েছেন তারা।

সকালে দক্ষিণগুল চা-বাগানের ভৈরবতলী ব্রিজ এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন শ্রমিকেরা। মিছিলটি বাগানের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফ্যাক্টরির সামনে গিয়ে শেষ হয়। সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে ফ্যাক্টরির সামনে পথসভা করেন শ্রমিকেরা।

বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি রমন চন্দ্র ঘোষের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন কমিটির সহসভাপতি পার্বতী ফুলমালী, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, প্রচার সম্পাদক যোগল ফুলমালী এবং চা শ্রমিক সুমন ঘোষ ও নয়ন মৃদা।

শ্রমিকেরা বলেন, 'আমরা কী কষ্টে আছি, তা আমরাই জানি। দীর্ঘদিন ধরে নানা সংকটে জীবনযাপন করছি। দুই বছরের বেশি সময় ধরে বাগানে পর্যাপ্ত ওষুধ পাওয়া যাচ্ছে না। বাগানে চিকিৎসকও নেই। অসুস্থ হলে শ্রমিকদের নিজেদের খরচে চিকিৎসা নিতে হচ্ছে।'

শ্রমিক নেতারা বলেন, দীর্ঘদিন ধরে চা শ্রমিকেরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। শ্রমিকদের জীবনমান ও অধিকার নিশ্চিত করতে তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন