যুক্তরাষ্ট্রে হারিকেন ইসাইয়াসের আঘাতে নিহত ৪, বিদ্যুৎবিচ্ছিন্ন বহু মানুষ

যুক্তরাষ্ট্রে হারিকেন ইসাইয়াসের আঘাতে নিহত ৪, বিদ্যুৎবিচ্ছিন্ন বহু মানুষ
ছবি: সংগৃহীত

হারিকেন ইসাইয়াসের আঘাতে যুক্তরাষ্ট্রে অন্তত চারজন নিহত হয়েছেন। ঝড়ের প্রভাবে ফ্লোরিডা, আলাবামা, জর্জিয়া ও মিসিসিপি অঙ্গরাজ্যে প্রায় ৬ লাখ ৭০ হাজার গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। শনিবার উপকূলে আঘাত হানার পর ঝড়টি দুর্বল হয়ে গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের বৈশিষ্ট্য হারায়।

কর্তৃপক্ষ জানায়, গাছ উপড়ে বাড়ির ওপর পড়ে দুজনের মৃত্যু হয়েছে। ঝড়ের পরও দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় জলোচ্ছ্বাস, আকস্মিক বন্যা, দমকা হাওয়া ও টর্নেডোর আশঙ্কা রয়েছে। ফ্লোরিডায় ক্ষয়ক্ষতি নিরূপণের পাশাপাশি সড়ক, সেতু ও বিমানবন্দর পুনরায় চালুর কাজ চলছে।

বিজ্ঞাপন

বিদ্যুৎ পর্যবেক্ষণকারী সংস্থা পাওয়ারআউটেজ ডট ইউএসের তথ্য অনুযায়ী, শনিবার দুপুর পর্যন্ত ফ্লোরিডায় ৪ লাখ ২০ হাজার, আলাবামায় ১ লাখ ৯০ হাজার, জর্জিয়ায় ৪৩ হাজার এবং মিসিসিপিতে ১৭ হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন ছিলেন। ঝড়ে গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় আলাবামার হিউস্টন কাউন্টির সব সড়ক বন্ধ ঘোষণা করা হয়।

এদিকে ঝড়ের কারণে মেক্সিকো উপসাগরে যুক্তরাষ্ট্রের তেল ও গ্যাস উৎপাদনেও বিঘ্ন ঘটেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, উপসাগরীয় অঞ্চলের প্রায় ৬৯ শতাংশ তেল ও ৫৭ শতাংশ প্রাকৃতিক গ্যাস উৎপাদন বন্ধ ছিল।

ফ্লোরিডা ও আলাবামায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। উপকূলীয় শহর পেনসাকোলায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। ঝড়ে ক্ষতিগ্রস্ত পেনসাকোলা বিমানবন্দর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাণিজ্যিক ফ্লাইটের জন্য বন্ধ রাখা হয়েছে।

সূত্র: রয়টার্স

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন