ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ লাখ পিস বার্মিজ ইয়াবাসহ দুই রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে বিজিবি। রোববার সকালে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার রাত আনুমানিক ৯টার দিকে ঘুমধুম বিওপির একটি আভিযানিক টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৩২ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘জামালের ঘের’ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ দুই রোহিঙ্গা যুবককে হাতেনাতে আটক করা হয়।

অন্যদিকে, রোববার ভোর আনুমানিক ৪টার দিকে বাইশফাঁড়ি বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার-৩৫ থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মধ্যপাড়া এলাকায় অপর এক অভিযান চালায়। এ সময় পাচারকারীদের ফেলে যাওয়া মালিকবিহীন অবস্থায় আরও ১ লাখ ৯০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ইসলাম (২৫) ও মো. মোজিবুল্লাহ (২৩)। দুজনই কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮-এর বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।

কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, সীমান্ত পাহারার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর ও জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছে। মাদকমুক্ত সীমান্ত গঠনে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরো জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক উদ্ধার করা ইয়াবাসহ সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ছাড়া উদ্ধারকৃত মালিকবিহীন ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবার বিষয়েও আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন