দুর্গাপূজায় যেকোনো ধরনের অস্থিতিশীলতা বা বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রাজনৈতিক দলের নেতাকর্মীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। রোববার সকালে কিশোরগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, কোনো নিষিদ্ধ সংগঠন বা গুপ্ত বাহিনী যেন পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে, সে জন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের সতর্ক পাহারা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে পূজার নিরাপত্তা জোরদারে প্রতিটি মণ্ডপে বাধ্যতামূলক সিসিটিভি ক্যামেরা সচল রাখা এবং প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ যন্ত্র স্থাপনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।
প্রতিমন্ত্রী আরো বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমসহ যেকোনো মাধ্যমে ছড়ানো গুজব ঠেকাতে সবাইকে সর্বোচ্চ সতর্ক ও সচেতন থাকতে হবে। এ বিষয়ে অনতিবিলম্বে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেন তিনি।
জেলা প্রশাসক সোহানা নাসরিনের সভাপতিত্বে সভায় কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন, কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল এবং পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানসহ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

