কিশোরগঞ্জের কুলিয়ারচরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। তবে তিনি কীভাবে রেললাইনে এলেন, তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
শনিবার সকাল ৮টার দিকে উপজেলার বড়খারচর রেলক্রসিং-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী 'এগারোসিঁদুর প্রভাতী' ট্রেনটি বড়খারচর এলাকা অতিক্রম করার সময় রেললাইনে ওপর থাকা ওই ব্যক্তি কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, তার গায়ে কোনো পোশাক ছিল না। এ কারণে অনেকের ধারণা, তিনি ট্রেনের ছাদে অবস্থান করছিলেন এবং কোনো একপর্যায়ে নিচে পড়ে যান। স্থানীয়দের কেউ কেউ আবার আশঙ্কা করছেন, ছাদে ছিনতাইকারীদের কবলে পড়ে তিনি নিচে পড়ে যেতে পারেন। তবে এসব বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
বড়খারচর রেলক্রসিংয়ের গেটম্যান প্রকাশ কুমার দাশ বলেন, দুর্ঘটনার সময় রেললাইনের আশপাশে কাউকে দেখতে পাননি।
তিনি বলেন, রেললাইনের ওপর কেউ থাকলে সাধারণত চালক বারবার হর্ন দেন। কিন্তু এই ট্রেনটি কোনো হর্ন দেয়নি। তাই আমার ধারণা, লোকটি ট্রেনের ছাদ থেকে পড়ে থাকতে পারেন। তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান জানান, ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পাশাপাশি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরাও সেখানে গিয়ে তদন্ত কার্যক্রমে অংশ নিচ্ছেন।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

